‘সুদের হার না কমালে দেশে বিনিয়োগ সম্ভব নয়’



প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে ব্যাংক কর্তৃপক্ষের প্রতি সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার তাগিদ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সুদের হার কমানোর কথা বলতে চাই, না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়…এটিকে অবশ্যই সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে।’
গণভবনে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) কাছ থেকে অনুদান নেওয়ার সময় শেখ হাসিনা এ তাগিদ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনলে আপনারা লাভবান হবেন, এতে জনগণ ব্যাংকগুলোর সঙ্গে কাজ করতে অধিক আগ্রহী হবে।’
প্রধানমন্ত্রী সুদের হার কমিয়ে ব্যাংকগুলোকে তাদের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা আপনাদের উত্থাপিত সব সমস্যার সমাধান করেছি, এখন আপনাদের অঙ্গীকার পূরণ করতে হবে।’
সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বার বার বলার পরও ব্যাংকগুলোতে ঋণের সুদের হার কমছে না। বরং বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণের নতুন সুদ হার কার্যকর করে দুই থেকে ৫ শতাংশ পর্যন্ত সুদহার বাড়িয়ে দিয়েছে বলে খবর বের হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক থেকে সুদের হার কমানোর কোনো নির্দেশনা এখনো বাণিজ্যিক ব্যাংকগুলোতে আসেনি বলে ব্যাংকগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে।
তবে এর মধ্যে ব্যাংকারদের সঙ্গে অর্থমন্ত্রী ও গভর্নরসহ অন্যান্য নীতিনির্ধারকদের বৈঠকে সুদের হার কমানোর বিষয়ে সবাই একমত পোষণ করলেও ব্যাংকগুলো এখন তা মানছে না।