সিলেটের সুনামগঞ্জের ছাতক উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ছাতক-সিলেট সড়কের কালারুকা ইউনিয়নের সন্তোষপুর এলাকার জাওয়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
বিকেলে ছাতক পৌর শহরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে প্রাইভেট কারে করে সিলেট শহরে ফিরছিলেন পাঁচ ব্যক্তি। পথে সন্তোষপুর এলাকায় একটি মোটরসাইকেলকে জায়গা করে দিতে গিয়ে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হন আরও একজন।
নিহত ব্যক্তিরা হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তোফায়েল আহমদ (২৭), সিলেট নগরের টুকেরবাজারের শেখপাড়া এলাকার ফয়জুল হকের ছেলে তায়েব আহমদ (৩০), সোহরাব উদ্দিনের ছেলে রাজু আহমদ (৩৫) ও গোয়ালাবাজার এলাকার শাহজাহান মিয়া (৩০)। আহত ব্যক্তি হলেন ছাতক উপজেলার দশঘর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাছুম আহমদ (২৮)। তাঁকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছে।
