পরিবেশ অধিদপ্তর সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে ১৯০টি ব্যবসায় ও শিল্প প্রতিষ্ঠান চিহ্নিত করেছে । পরিবেশ অধিদপ্তরের চিহ্নিত করা এই শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুন্দরবনের মাটি, পানি ও বাতাস মারাত্মক দূষণকারী ‘লাল’ শ্রেণিভুক্ত ২৪টি; বাকি শিল্প প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান প্রভাবও মারাত্মক।
আজ বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। এসময় আদালতে উপস্থিত ছিলেন রিট আবেদনকারী আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন।
ছয় মাস আগে উচ্চ আদালতের নির্দেশে পরিবেশ অধিদপ্তর এ প্রতিবেদন তৈরি করে; যা বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব আদালতে দাখিল করার পর বৃহস্পতিবার তা উপস্থাপন করা হয়। এক রিট আবেদনের শুনানি নিয়ে গত বছরের ২৪ অগাস্ট ইউনেসকো ঘোষিত বিশ্বঐতিহ্য সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে নতুন শিল্প-কারখানা অনুমোদনে নিষেধাজ্ঞা দেয় হাই কোর্ট। একইসঙ্গে ওই ১০ কিলোমিটারের মধ্যে কতগুলো শিল্প-কারখানা রয়েছে, তার তালিকা ছয় মাসের মধ্যে জমা দিতে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে নির্দেশ দেয় আদালত। সেই প্রতিবেদনটিই বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়।
হাই কোর্টে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সুন্দরবন সংলগ্ন ইসিএ এলাকায় সর্বমোট ১৯০টি শিল্প প্রতিষ্ঠান আছে। এর মধ্যে বাগেরহাটে ৭৮টি, খুলনায় ৯২টি, সাতক্ষীরায় ২০টি। এগুলোর মধ্যে ৩৬টি শিল্প প্রতিষ্ঠান বর্তমানে বন্ধ।
লাল শ্রেণির ২৪টি ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, সিমেন্ট কারখানা, গ্যাস সিলিন্ডারের কারখানা, তেল পরিশোধন শিল্প, ইটভাটা, সুপারি প্রক্রিয়াজাতকরণ শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, সিগারেট কারখানা, কৃত্রিম চুল তৈরির কারখানা, গাড়ির সিট হিটার তৈরির কারখানা, ব্রাশ তৈরির কারখানা, লবণ পানি শোধনাগার, রেস্তোরাঁ, রাইস মিল, বরফকল, ওয়েল্ডিং কারখানা, করাতকল, মৎস্য খামার, কাঁকড়া চাষ ও হ্যাচারি।
এই ২৪টি কারখানা, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি প্রতিষ্ঠানের পরিবেশগত ছাড়পত্র রয়েছে। তার মধ্যে তিনটি প্রতিষ্ঠানের নবায়ন স্থগিত রয়েছে, দুইটির নবায়ন নেই। বাকি ১০টি প্রতিষ্ঠানের অবস্থানগত ছাড়পত্র রয়েছে, যার মধ্যে দুইটি প্রতিষ্ঠানের নবায়ন নেই।
১৯০টি কারখানা, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ১৮১টির পরিবেশগত এবং ৯টির অবস্থানগত ছাড়পত্র রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
