স্প্যানিশ সুপার কাপের ফাইনালে প্রথম লেগে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত দুইটায় বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে শুরু হবে ম্যাচটি।
ইতিহাস, ঐতিহ্যের দিক থেকে ক্লাব ফুটবলের সব থেকে পুরোনো দ্বৈরথ এল ক্লাসিকো। সাথে অনেক বেশি মর্যাদার এ লড়াই। বিশ্বের অন্যতম সেরা দুই ক্লাব হওয়ায় ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে থাকে এই এল ক্লাসিকো মহারণ। সেখানে বাড়তি মাত্রা যোগ করে বর্তমানে ফুটবল বিশ্বের সেরা দুই ফুটবলার মেসি-রোনালদো একে ওপরের বিপক্ষে লড়াই।
লা লীগার দৌলতে বছরে দুই এল ক্লাসিকো নিশ্চিতভাবেই থাকে। তবে এবারের সুপার কাপ ফাইনালের কারণে আরো দুইটি এল ক্লাসিকো উপভোগ করার সুযোগ এসেছে ফুটবলপ্রেমীদের জন্য। লা লীগা চ্যাম্পিয়ন ও কোপা ডেল রে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আজ দিবাগত রাত দুইটায় ক্যাম্প ন্যু তে প্রথম লেগে মুখোমুখি হবে দু’দল। দ্বিতীয় লেগ ১৬ তারিখ রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দিবাগত রাত তিনটায়।
মৌসুম শুরুর আগেই এক এল ক্লাসিকো হয়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের মায়ামিতে প্রাক মৌসুম সে লড়াইয়ে বার্সেলোনা জিতেছিল ৩-২ গোলে। প্রস্তুতিমূলক ম্যাচ ছিল বলেই সে ম্যাচের উত্তাপ কম ছিল, পাশাপাশি খেলোয়াড়দের গা ছাড়া মনোভাব বার্সা-রিয়াল লড়াইয়ের ঝাঁজ দিতে পারে নি। তবে আজ তা হবার কারন নেই। শিরোপার জন্য যুদ্ধ বলেই ক্লাব ফুটবলের সেরা এই লড়াই আগের জৌলুসেই মাঠ মাতাবে, আক্ৰমণ-প্রতি আক্রমনে খেলাটা উপভোগ্য হয়ে উঠবে বলেই মনে করে ফুটবল সমর্থকরা।
দুই দলের শেষ ছয় মোকাবেলায় বার্সেলোনা জিতেছে চারটিতে, রিয়াল মাদ্রিদের জয় একটি এবং ড্র হয়েছে একটি ম্যাচ। পরিসংখ্যান যাই বলুক, নতুন দিন বলে কাউকে এগিয়ে রাখা যায় না। দিনটা যার ভাগ্যে থাকবে শেষ হাসি সেই হাসবে। উয়েফা সুপার কাপ জিতে ফুরফুরে মেজাজে জিদানের শিষ্যরা আর নতুন কোচের অধীনে ভালো সূচনা স্বস্তি দিচ্ছে কাতালান শিবিরে।
লা লীগা ও কোপা ডেল রে চ্যাম্পিয়নদের দিয়ে প্রাচীন এ ফাইনাল বিভিন্ন নামে আত্মপ্রকাশ করলেও মূলত স্প্যানিশ সুপার কাপ শুরু হয় ১৯৮২ সালে। সেবার কাপ উঁচিয়ে ধরার সুযোগ পায় রিয়াল সোসিয়েদাদ। স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে বার্সেলোনা সর্বোচ্চ ১২ বার চ্যাম্পিয়ন ও ৮ বার রানার্স আপ হয়। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয় ৯ বার ও রানার্স আপ চারবার।
একনজরে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সুপার কাপ জয়ের সাল :
বার্সেলোনা : ১৯৮৩, ১৯৯১, ১৯৯২, ১৯৯৪, ১৯৯৬, ২০০৫, ২০০৬, ২০০৯, ২০১০, ২০১১, ২০১৩, ২০১৬
রিয়াল মাদ্রিদ : ১৯৮৮, ১৯৮৯, ১৯৯০ ১৯৯৩, ১৯৯৭, ২০০১, ২০০৩, ২০০৮, ২০১২
