সুপার সাইক্লোন আম্পান কেড়ে নিয়েছে কমপক্ষে নয়জনের প্রাণ। নিহতদের মধ্যে সন্দ্বীপে একজন, যশোরে দুজন, পিরোজপুরে একজন, পটুয়াখালীর দুজন, ভোলার দুজন ও সাতক্ষীরার একজন। আম্পানের প্রভাবে এসব জেলায় দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। রাজধানীতেও ঘূর্ণিঝড়টির প্রভাব লক্ষ্য করা গেছে।
নোয়াখালীর দ্বীপ উপজেলা সন্দ্বীপে আম্পানের প্রভাবে আসা জোয়ারের পানিতে তলিয়ে মৃত্যু হয়েছে মো. সালাউদ্দিন (১৮) নামে এক যুবকের। বুধবার দুপুরে সন্দ্বীপ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
যশোরে রাত ১২টার পর থেকে ১৩৫ কিলোমিটার বেগে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় আম্পান। জেলায় সারাদিন থেমে থেমে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত হয়। স্থানীয় আবহাওয়া অফিস বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া চৌগাছা উপজেলায় গাছ চাপা পড়ে মা ও মেয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে দেয়াল চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। উপজেলা শহরে মঠবাড়িয়া কলেজ এলাকায় বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পটুয়াখালীতে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গলাচিপা উপজেলায় রাসেদ (৬) নামে এক শিশু ও কলাপাড়ায় শাহ আলম নামে সিপিপি’র এক কর্মীর মৃত্যু হয়েছে।
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে চরফ্যাশন উপজেলায় সিদ্দিক ফকির (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। এ ছাড়া এক নারী গুরুতর জখম হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার চর কচ্ছুপিয়া এলাকার রেইনট্রি গাছ ভেঙে মাথায় পড়ে সিদ্দিক ফকির আহত হন। তাকে তাৎক্ষণিক চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে পাঠায়। পথেই তার মৃত্যু হয়।
ভোলায় ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে পড়ে রামদাসপুর চ্যানেল ৩০ যাত্রীসহ একটি ট্রলার ডুবে রফিকুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম এলাকায়। ওই ব্যক্তিসহ ৩০ যাত্রী ঢাকা ও চট্টগ্রাম থেকে আসেন। তারা লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরী ঘাট থেকে ট্রলার যোগে মেঘনা নদী পাড়ি দিয়ে ভোলায় আসে। ওই ট্রলার রাজাপুর সুলতানীঘাটের কাছে এলে ট্রলারটি ডুবে যায়। ওই সময় স্রোতের টানে ভেসে যান রফিকুল ইসলাম। পরে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
বুধবার সন্ধ্যার পর সাতক্ষীরার সুন্দরবন এলাকায় তাণ্ডব শুরু হয়। ঝড়ের গতিবেগও বৃদ্ধি পেতে থাকে। রাত সাড়ে ৮টায় এই রিপোর্ট লেখার সময়ও প্রচণ্ড বেগে ঝড় বয়ে যাচ্ছে।
এদিকে সাইক্লোন আম্পানের আঘাতে আশাশুনি উপজেলার গদাইপুর ও চাকলায় বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে। অপরদিকে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে।
এ ছাড়া সাতক্ষীরা শহরের সংগীতা মোড় এলাকায় আম কুড়াতে গিয়ে ঝড়ের কবলে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই মধ্য বয়সী নারী শহরের কামালনগর এলাকার বাসিন্দা।

