সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনার উদ্দেশ্যেই বিএনপির মহাসমাবেশ: মির্জা ফখরুল



সরকারকে চাপ সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনার উদ্দেশ্যেই মহাসমাবেশ ডাকা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী ব্রাসেলসে বলছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু দেশে রাতভর অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ; মিথ্যা মামলায় সাজা দিচ্ছে যেনো নির্বাচনে অংশ নিতে না পারে।

তিনি বলেন, আদালত রাতে ওভারটাইম করে বিএনপি নেতাদের সাজা দিচ্ছে। কারণ গ্রহণযোগ্য নির্বাচন করার ইচ্ছা নেই সরকারের। তারা আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করে ক্ষমতায় যেতে চাইছে। বিরোধী দলকে দূরে রাখতে চাইছে। কিন্তু এবার জনগণ জেগে ওঠেছে। এবার আর তা হবে না।

আরও পড়ুনঃনারীদের জন্য নয়, পুরুষদের জন্য তৈরি করা হয়েছিল হাই হিল

বিএনপি মহাসচিব বলেন, সরকার উসকানিমূলক কাজ করছে। সরকারপ্রধান দেশের মানুষকে জিম্মি করছেন। সরকার বারবার ভুল সিদ্ধান্ত নিয়েছে। তারা পরপর দুটি নির্বাচনকে প্রহসনের নির্বাচন করে বেআইনিভাবে ক্ষমতায় এসে জোর করে বসে আছে। তারা পুরো রাষ্ট্রকাঠামোকে দলীয়ভাবে ব্যবহার করছে।

মহাসমাবেশ ঘিরে বাধা না দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে করতে চায় বিএনপি। এখনও ডিএমপি থেকে কোনো চিঠি আসেনি। কিন্তু এই সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।