আজ শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ক্যাথলিক খ্রিস্টানদের মুক্ত উপাসনা ও যাজকদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রার্থনা সভায় পৌরোহিত্য করছেন পোপ ফ্রান্সিস। দেশের বিভিন্ন ধর্মীয় পল্লি থেকে মানুষ এসে যোগ দিয়েছেন প্রার্থনা সভায়।
সকাল সাড়ে ৯টা থেকে এই মুক্ত উপাসনায় অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রায় আশি হাজার রোমান ক্যাথলিক। এ সমাবেশে বাংলাদেশের মানুষ ও বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করবেন পোপ। বক্তৃতা দেবেন যিশুর অনুসারীদের উদ্দেশ্যে।
পোপের আগমন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। এ অনুষ্ঠান সাড়ে ৯টায় শুরু হলেও আরও আগে থেকেই খ্রিস্টান ধর্মের অনুসারীরা উদ্যানে জড়ো হতে শুরু করেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরাও প্রার্থনাসভায় যোগ দিতে আসেন।
সকাল ৯টা ৪০ মিনিটে পোপ অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরপরই শুরু হয় উপাসনা অনুষ্ঠান। ঈশ্বর বন্দনায় ‘এসো তার মন্দিরে করি স্তবগান… একসাথে দলে দলে হয়ে এক প্রাণ..,’ প্রার্থনা সংগীতে শুরু হয় এ অনুষ্ঠান। উপাসনা সংগীতের মধ্যেই সকাল ১০টায় মঞ্চে ওঠেন পোপ ফ্রান্সিস। বিভিন্ন খ্রিষ্টীয় আচারে চলতে থাকে অনুষ্ঠান।
বাংলাদেশে আসার আগে মিয়ানমারেও একই ধরনের মুক্ত প্রার্থনাসভায় পৌরহিত্য করেন পোপ। সেখানে তিনি সবাইকে শান্তির পথে আসার আহ্বান জানান।
প্রার্থনা সভা শেষে ভ্যাটিকান দূতাবাসে গিয়ে পোপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে তিনি যাবেন কাকরাইলের রমনা ক্যাথিড্রালে। সেখানে আর্চবিশপ হাউসে বিশপদের সঙ্গে বৈঠক করবেন। পরে আন্তধর্মীয় ও আন্তমান্ডলিক সমাবেশে যোগ দেবেন।
গতকাল বৃহস্পতিবার তিন দিনের সফরে ঢাকায় আসেন পোপ। সফরের শেষ দিন আগামীকাল শনিবার সকালে তেজগাঁওয়ে মাদার তেরেসা হাউস পরিদর্শনে যাবেন পোপ। এরপর তেজগাঁওয়ে হলি রোজারিও চার্চে খ্রিষ্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে চার্চের কবরস্থান পরিদর্শন করবেন। দুপুরের পর ঢাকায় নটর ডেম কলেজে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
রোববার বিকেলে পোপের ঢাকা ছাড়ার কথা রয়েছে। শাহজালাল বিমানবন্দরে ক্যাথলিক ধর্মগুরুকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
আরও পড়ুন; মিয়ানমারে ‘রোহিঙ্গা’ শব্দটি এড়ালেন পোপ
মিয়ানমারের পথে পোপ ফ্রান্সিস
পোপের বাংলাদেশ সফর; সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ
শান্তিতে নোবেল পেতে পারেন যারা
