সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি




৭ নভেম্বর উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে ৮ নভেম্বর জনসমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি।
শুক্রবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে সমাবেশের অনুমতি চেয়ে প্রশাসনে চিঠি পাঠানোর কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “আগামী ৮ নভেম্বর আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য প্রশাসনের কাছে চিঠি দিয়েছি। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা সেখানে এই সমাবেশ করব।
“গতকাল আপনারা দেখেছেন যে, ৭ নভেম্বর উপলক্ষে আমাদের প্রস্তুতি চলছে। বিভিন্ন অঙ্গসংগঠন এটি নিয়ে প্রস্তুতি সভা করছে। আমরা আশা করি, ৭ নভেম্বরের ১০ দিনব্যাপী কর্মসূচি সফল হবে।”
পঁচাত্তরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর টালমাটাল পরিস্থিতিতে ৩ নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থানে গৃহবন্দি হওয়ার পর পাল্টা অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান ৭ নভেম্বর মুক্ত হন। ৭ নভেম্বরকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে।
গত বছর দিনটি উপলক্ষে সোহরাওয়াদী উদ্যান অথবা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। তবে শেষ পর্যন্ত দলটি সমাবেশের অনুমতি পায়নি।