সৌদিতে বিনিয়োগে আগ্রহী অ্যাপল ও আমাজন




মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও ই-কমার্স কোম্পানি অ্যামাজন রিয়াদের সঙ্গে লাইসেন্সিং চুক্তিতে যেতে আলোচনা চালিয়ে যাচ্ছে।
জানা গেছে সৌদি আরবের ফরেইন ইনভেস্টমেন্ট অথরিটির সঙ্গে আলোচনা শুরু করেছে অ্যাপল। উভয় প্রতিষ্ঠান এরই মধ্যে তৃতীয় পক্ষের মাধ্যমে দেশটিতে পণ্য বিক্রি করছে। তবে অ্যাপল ও অ্যামাজনের মতো অন্য বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর এখন পর্যন্ত দেশটিতে সরাসরি উপস্থিতি নেই। সৌদিতে বিনিয়োগ আলোচনায় অ্যামাজনের হয়ে নেতৃত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটির ক্লাউড কম্পিউটিং বিভাগ অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)। দেশটির ক্লাউড কম্পিউটিং খাতে আধিপত্য বিস্তার করে থাকা এসটিসি এবং মোবিলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে চায় এ প্রতিষ্ঠান।
তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সৌদি সরকার। এরই লক্ষ্যে দেশটির সরকার গত দুই বছরে রেগুলেটরি-বিষয়ক অনেক প্রতিবন্ধকতা দূর করেছে। সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সংস্কার পরিকল্পনায় অনুপ্রাণিত হয়ে দেশটিতে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে একাধিক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান। কারণ এর ফলে প্রতিষ্ঠানগুলো নতুন ও কিন্তু অপেক্ষাকৃত সমৃদ্ধ একটি বাজারে প্রবেশ ও সরাসরি ব্যবসা পরিচালনার সুযোগ পাবে।
সৌদি নাগরিকদের প্রায় ৭০ শতাংশই ৩০ বছরের কমবয়সী। এরা অধিকাংশই সামাজিক মাধ্যমের সঙ্গে যুক্ত। এছাড়া দেশটির নাগরিকদের মধ্যে প্রযুক্তিগত সেবা ব্যবহারের আগ্রহ রয়েছে।
এদিকে আগামী ফেব্রুয়ারিতে সৌদির বিদেশী বিনিয়োগবিষয়ক কর্তৃপক্ষের সঙ্গে অ্যাপল স্টোরের একটি লাইসেন্সিং চুক্তি হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ২০১৯ সালের জন্য দেশটিতে প্রাথমিকভাবে একটি খুচরা বিক্রয় স্টোর চালুর পরিকল্পনা রয়েছে অ্যাপলের।