সৌদিতে সড়ক দুর্ঘটনা; দুই ভাইসহ ৬ বাংলাদেশি নিহত




সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই ভাইসহ ৬ বাংলাদেশি। প্রাইভেটকারে করে কাজের উদ্দেশ্যে দাম্মাম থেকে রিয়াদ যাওয়ার পথে অপর একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সময় শুক্রবার ভোররাত ৩টার দিকে দাম্মাম ও রিয়াদের মধ্যবর্তী আলজুব আরা শহরে এ দুর্ঘটনা ঘটলে গাড়িতে থাকা দুই বাংলাদেশি ঘটনাস্থলে মারা যান। আহতদের হাসপাতালে নেওয়ার পর বাকি চার বাংলাদেশির মৃত্যু হয়।

নিহতদের চারজনের বাড়ি রাজবাড়ী জেলায়। এরমধ্যে সহোদর ইরশাদ ব্যাপারী (২৮) ও হুমায়ুন ব্যাপারী (২৫) গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গি এলাকার আহেদ ব্যাপারীর ছেলে । এই জেলার অপর দজুন হলেন- ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ উজানচর নাছির মাতব্বর পাড়ার ওসমান খানের ছেলে কুব্বাত খান (২৫) এবং দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনসার মাঝি পাড়াসহের মন্ডলের ছেলে মিরাজ মন্ডল (২২)।

নিহত অপর দুজন ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা। তাদের একজন নথচ্যানেল ইউনিয়নের আরান দেওয়ানের ছেলে ইদ্রিস দেওয়ান (৩২), অপরজন হাজীগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেলেও তার নাম-পরিচয় নিশ্চিত করেনি দূতাবাস।