সৌদি আরবে প্রথম করোনা রোগী শনাক্ত


corona selection

এই প্রথম সৌদি আরবে করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শনাক্তকৃত ব্যক্তি ইরান থেকে বাহরাই হয়ে সৌদিতে ঢুকেছিলেন।

সৌদি আরবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিশিয়াল টুইটার বার্তায় জানানো হয়, আক্রান্ত ব্যক্তি সৌদি আরবেরই নাগরিক। তিনি ইরান থেকে বাহরাইন হয়ে সৌদি আরবে ঢোকেন। সৌদি আরবে ঢোকার সময় তিনি ইরান সফরের কথা গোপন করেন। তার নাম-পরিচয় প্রকাশ না করে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসে চীনের পর ইরানেই মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি। আক্রান্ত হওয়ার সংখ্যাও অনেক। উপসাগরীয় দেশগুলোর কয়েকটি দেশে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হওয়া রোগীরাও সম্প্রতি ইরান সফর করেন বলে জানানো হয়।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, করোনাভাইরাস মোকাবিলায় ২৫টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালগুলোতে কোয়ারেনটাইনের জন্য দুই হাজার ২০০ শয্যা প্রস্তুত রয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে,বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিন হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। যার ৯০ শতাংশই চীনের হুবেই প্রদেশে। সোমবার পর্যন্ত বিশ্বের ৬০টিরও বেশি দেশে ওই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

নতুন করে করোনাভাইরাস ছড়িয়ে পড়া দেশগুলো হলো:সৌদি আরব, ইন্দোনেশিয়া, সেনেগাল, জর্ডান, আইসল্যান্ড, পর্তুগাল, আর্মেনিয়া, চেক প্রজাতন্ত্র ও অ্যান্ডোরা।