সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জীবিত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইরানের গণমাধ্যমগুলো। গত মাসের শেষ দিকে এক ‘অভ্যুত্থানচেষ্টায়’ গুলিবিদ্ধ হওয়ার পর মোহাম্মদ মারা গেছেন বলে দাবি করছেন তারা।
ইরানের পত্রিকা কায়হান ‘এক আরব রাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে পাঠানো গোয়েন্দা তথ্যের’ বরাত দিয়ে বলেছে, রাজপ্রাসাদে হওয়া ওই দিনের অভ্যুত্থানচেষ্টার ঘটনায় সৌদি যুবরাজের গায়ে অন্তত দুটি গুলি লেগেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও এ বিষয়টি তুলে ধরে বলে, ওই দিনের পর বিন সালমানের নতুন কোনো ছবি, ভিডিও প্রকাশ হয়নি। এমনকি এপ্রিলের শেষ দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের রিয়াদ সফরের সময়ও যুবরাজকে দেখা যায়নি। ওই গুলির ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা তেহরানের শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সংবাদমাধ্যমটির।
“সালমান এমন একজন ব্যক্তি যাকে প্রায়ই গণমাধ্যমে দেখা যেত, কিন্তু রিয়াদের ওই গোলাগুলির পর ২৭ দিন ধরে অনুপস্থিতি তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়িয়েছে,” বলছে ইরানি বার্তা সংস্থা ফারস।
এপ্রিলের ২১ তারিখ রিয়াদের রাজপ্রাসাদ থেকে তুমুল গোলাগুলির শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সম্ভাব্য কোনো অভ্যুত্থানচেষ্টার ফল ওই গোলাগুলি, এমনটাও ধারণা করেছিলেন অনেকেই। রিয়াদের দাবি, প্রাসাদের খুব কাছ দিয়ে উড়ে যাওয়া একটি ড্রোন ভূপাতিত করতেই রক্ষীরা গুলি ছুড়েছিল। ঘটনার সময় সৌদি বাদশা সালমান প্রাসাদ ছেড়ে কাছাকাছি একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছিলেন বলে দাবি করেছিল স্থানীয় বেশকটি গণমাধ্যম। বাদশা সেসময় কিং খালিদ ঘাঁটিতে আশ্রয় নেন বলে সৌদি বিশেষজ্ঞ আলি আল-আহাদের বরাত দিয়ে জানিয়েছে স্পুটনিক।
ইরানি গণমাধ্যমগুলোর সন্দেহ, সেদিনের গোলাগুলিতেই বিপদে পড়েন ক্রাউন প্রিন্স। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে তুমুল আলোচনা চলছে।
গোলাগুলির ঘটনার পরেও মোহাম্মদ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে দাবি অনেকের। প্রমাণ হিসেবে নানান ছবিও হাজির করছেন কেউ কেউ। অভ্যুত্থানচেষ্টার সপ্তাহখানেক পরে কয়েকশ কোটি ডলারের একটি এন্টারটেইনমেন্ট রিসোর্ট কিদিয়ার উদ্বোধনী অনুষ্ঠানেও সালমানের পাশে মোহাম্মদকে দেখা গেছে বলে জানিয়েছে স্পুটনিকও।
সৌদি ক্রাউন প্রিন্সকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইরানি গণমাধ্যমগুলোর উদ্বেগের মধ্যেই শুক্রবার মোহাম্মদের ব্যক্তিগত দপ্তরের পরিচালক বাদের আল-আসাকের টুইটারে সৌদি যুবরাজের সঙ্গে আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, বাহরাইনের বাদশা বিন ইসা ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির একটি গ্রুপ ছবি পোস্ট করেছেন।
“কয়েক দিন আহে দুই ভাইয়ের এক বন্ধুত্বপূর্ণ বৈঠক আয়োজন করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি,” ছবির সঙ্গে এ মন্তব্য করলেও, ছবিটি কত তারিখের তা জানাননি তিনি।
মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়ানোকে কেন্দ্র করে সুন্নিপ্রধান সৌদি আরবের সঙ্গে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের দ্বৈততা কয়েক দশকের। ইয়েমেন ও সিরিয়া যুদ্ধেও তাদের অবস্থান প্রতিপক্ষ শিবিরে। সাম্প্রতিক সময়ে রিয়াদে হুতিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলাও দুই দেশের টানাপোড়েন আরও বাড়াচ্ছে। তেহরান হুতি বিদ্রোহীদের অস্ত্র দিচ্ছে বলেও অভিযোগ সৌদি আরবের, ইরান যদিও এ অভিযোগ অস্বীকার করে আসছে।
সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ৪২ জনের সঙ্গে মধ্যপ্রাচ্যে খুবই জনপ্রিয় শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর ২০১৬-র জানুয়ারিতে তেহরান ও মাশহাদের সৌদি দূতাবাসে হওয়া হামলার প্রতিক্রিয়ায় ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ।
