এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচার। আক্রান্ত হওয়ার পর থেকে এখন তিনি আইসোলেশনে রয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা গেছে, মাচারের স্ত্রী ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী অ্যাঞ্জেলিনা টেনি, আরও কয়েকজন দেহরক্ষীসহ বেশ কিছু কর্মীর দেহেও প্রাণঘাতী করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে।
এর আগে করোনাভাইরাস মোকাবিলায় গঠিত দক্ষিণ সুদানের টাস্কফোর্সের এক সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট মাচারের করোনা পরীক্ষা করা হয়।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী, আফ্রিকার দারিদ্র্যপীড়িত এই দেশটিতে মঙ্গলবার পর্যন্ত ২৯০ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া আক্রান্তদের মধ্যে ৪ জন মারা গেছে এবং সুস্থ হয়েছে ৪ জন।
গত সপ্তাহে দেশটির সরকারি কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে জানায়, রাজধানী জুবায় অবস্থিত জাতিসংঘের তত্ত্বাবধানে থাকা একটি শরণার্থী শিবিরে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। ওই শরণার্থী শিবিরে প্রায় ৩০ হাজার উদ্বাস্তু মানুষের বাস।

