ফের সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাট তার নকশায় আবার পরিবর্তন আনছে।
এ বিষয়ে প্রযুক্তি-বিষয়ক সাইট রিকোডের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্ন্যাপচ্যাটের নতুন নকশা এরই মধ্যে পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটির অল্পসংখ্যক ব্যবহারকারী প্লাটফর্মটির নকশায় পরিবর্তন দেখতে পাবেন। নকশায় পরিবর্তন এলে ‘ডিসকভার’ পেজে ‘ফ্রেন্ডস’ কনটেন্ট’ ও ‘সেলিব্রিটি কনটেন্ট’ আলাদা রাখা হবে।
স্ন্যাপচ্যাটের এক মুখপাত্র বলেন, গ্রাহকদের কথা তারা সবসময় শোনেন। প্লাটফর্মটিতে তারা পরিবর্তন অব্যাহত রাখবেন, যাতে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা ভালো অভিজ্ঞতা পেতে পারেন।
এর আগে প্লাটফর্মটির নকশায় পরিবর্তন এনে ব্যবহারকারীদের সমালোচনার মুখে পড়েছিল প্রতিষ্ঠানটি। এ তালিকায় কাইলি জেনার এবং ক্রিসি টেইগানের মতো তারকাও রয়েছেন। তাদের দাবি, নতুন নকশায় অ্যাপটি পরিচালনা কঠিন হবে। এছাড়া নকশা পরিবর্তন নিয়ে অ্যাপলের অ্যাপ স্টোরে ৮৩ শতাংশ নেতিবাচক রিভিউ পড়ে। এমনকি ব্যবহারকারীরা নকশায় পরিবর্তন ঠেকাতে ১২ লাখের বেশি সইযুক্ত একটি অনলাইন পিটিশন দাখিল করেছেন।
এদিকে গত ফেব্রুয়ারিতে বাজার গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটার এক প্রতিবেদনে জানায়, তরুণ প্রজন্মের কাছে ফেসবুকের জনপ্রিয়তা কমছে। তাদের অনেকেই ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং স্ন্যাপচ্যাটের দিকে ঝুঁকছে।
