স্পেনে দ্বিতীয় সন্ত্রাসী হামলার চেষ্টা নস্যাৎ




স্পেনে দ্বিতীয় হামলার চেষ্টা নস্যাৎ করেছে দেশটির পুলিশ। বার্সেলোনার পর দেশটির ক্যামব্রিলস শহরে ভ্যান হামলার চেষ্টা হয়। এ সময় পুলিশের গুলিতে সন্দেহভাজন পাঁচ হামলাকারী নিহত হয়।
আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বার্সেলোনার জনপ্রিয় পর্যটন এলাকা লাস র‍্যামব্লাসে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম সন্ত্রাসী হামলা হয়। এই হামলায় অন্তত ১৩ জন নিহত এবং শতাধিক লোক আহত হয়। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
লাস র‍্যামব্লাসে পথচারীদের ভিড়ের মধ্যে একটি ভ্যান তুলে দিয়ে হামলা চালানো হয়। একে ‘জিহাদি হামলা’ বলেছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
বার্সেলোনার পর ক্যামব্রিলস শহরে গতকাল রাতে গাড়ি নিয়ে হামলার চেষ্টা হয়। হামলাকারীরা লোকজনের ওপর দ্রুতগতির একটি ভ্যান তুলে দেওয়ার চেষ্টা করে। পুলিশ গুলি করলে সন্দেহভাজন পাঁচ হামলাকারী নিহত হয়। ক্যামব্রিলসে হামলাচেষ্টায় এক পুলিশ ও ছয়জন সাধারণ মানুষ আহত হয়েছে। আহত সাতজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
পুলিশ বলছে, ক্যামব্রিলসে হামলাচেষ্টায় জড়িত ব্যক্তিদের শরীরে বিস্ফোরকদ্রব্য বাঁধা ছিল। পরে নিয়ন্ত্রিত পদ্ধতিতে এই বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়। বার্সেলোনার রক্তক্ষয়ী হামলার সঙ্গে ক্যামব্রিলসে হামলাচেষ্টার যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা বলছে, শহরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
আইএসের কথিত সংবাদ সংস্থা ‘আমাক’ বলেছে, বার্সেলোনায় যারা হামলা চালিয়েছে, তারা তাদের (আইএস) যোদ্ধা। এই হামলাকে প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে আইএস।
বার্সেলোনায় হামলা চালিয়ে ভ্যানচালক পালিয়ে যান। তিনি এখনো ধরাছোঁয়ার বাইরে। তাঁকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চালাচ্ছে।
বার্সেলোনায় হামলার প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভ্যানটি আঁকাবাঁকাভাবে সামনে এগোচ্ছিল। খুব দ্রুতগতিতে লোকজনকে পিষ্ট করছিল। যতটা সম্ভব তত বেশিসংখ্যক মানুষকে পিষ্ট করার চেষ্টা করছিল ভ্যানটি। ভ্যানের চাপায় লোকজন সড়কে লুটিয়ে পড়ছিল।
পথচারীদের পিষ্ট করার পর ভ্যানচালককে হেঁটে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়। হামলার পর সশস্ত্র পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসেন। তাঁরা ঘটনাস্থল ঘিরে ফেলেন। ঘটনাস্থল থেকে লোকজনকে সরে যেতে বলেন।
বার্সেলোনায় ভ্যান হামলায় ঠিক কতজন জড়িত, এখনো তা স্পষ্ট নয়। এই হামলার ঘটনায় ইতিমধ্যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বার্সেলোনায় সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী। এছাড়া হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহায়তার জন্য সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।