সাবিলা আলাউদ্দিন আখির কবিতা- ‘স্বপ্নসারথী’




চলো হারিয়ে যাই,
কোন এক নির্জনে;
দূর দিগন্তে বিস্তৃত রেখার টানে।
যেখানে শুধু তুমি আর আমি
কোলাহলমুক্ত জনশূন্যে।
আমি তোমার বাহুডোরে
এলোকেশী হেলিয়ে
লাজ আবরণ দূরে ঠেলে দিয়ে
জড়াবো তোমায়;
ততক্ষণে তুমি তোমার সমস্ত অনুভূতির উর্ধ্বে গিয়ে
মাতাল করা এক ভুবনে
আবিষ্ট করবে আমায়।
ভেবেছিলে কখনো?
এক নতুন প্রভাতের সূচনা হবে।
যে সূর্যোদয়ের সোনালি চাদরে ঢাকা পরবে আমাদের আবরণ;
আমরা হাসবো, খেলবো নিত্যনতুন –
পাড়ি জমাবো অদ্ভুত ভুবনে।
ভাবছো কী করে সম্ভব?
বোকা তুমি!
হৃদয়ের নিষ্পাপ অনুভূতি যে নিয়ে যাবে
আমাদের সেই প্রণয়ঘাটের তরে।
যেখানে এক হয়ে গোধূলির রঙে মিশে যাবো –
ফিরবো সন্ধ্যে বেলা;
দেখবো ক্রমশ অন্ধকারে ঢেকে যাচ্ছে
সোনালী মা আমার।
হারাবো দুজন হাতে হাত রেখে অমাবস্যার রাতে,
পূর্ণ হবো রজনী ভোরে ভালোবাসার জালে।