স্বর্ণের বাজারে উর্ধ্বমুখী প্রবণতা




আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে ২০১৭ সালের স্বর্নের শেষ বেচাকেনা। বছরের শেষ কার্যদিবসে মূল্যবান ধাতুটির দাম বেড়ে গত সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো আউন্সপ্রতি ১ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে ২০১০ সালের পর স্বর্ণের বাজারে এবারই সবচেয়ে তেজিভাব দেখা গেছে।
বছরের শেষ কার্যদিবসের শুরুতে যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৩০৩ ডলারে ওঠে। দিনের শেষ নাগাদ তা আরো বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৩০৬ ডলার ৫০ সেন্টে ওঠে, যা গত সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে স্পট মার্কেটে স্বর্ণের দাম ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চে উঠেছিল। এ সময় প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছিল ১ হাজার ৩৪৬ ডলারে।
স্বর্ণের দামে তেজিভাব বজায় রয়েছে। বর্তমানে এক মাসের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে মূল্যবান ধাতুটি। অন্যদিকে প্লাটিনামকে ছাপিয়ে প্যালাডিয়ামের দাম ১৭ বছরের সর্বোচ্চে উঠেছে। এর পরও ২০১৮ সালে মূল্যবান ধাতুর বাজারে রুপার ওপর আস্থা রাখছেন বিনিয়োগকারীরা।
পর পর দুই বছর ধাতুর বাজারে প্রত্যাশার তুলনায় ভালো অবস্থান ধরে রাখায় বাজার বিশ্লেষক ও বিনিয়োগকারীদের আস্থা জিতে নিয়েছে রুপা। আগামী বছরে আস্থার জায়গা থেকে রুপার পরই থাকবে স্বর্ণের অবস্থান। কানাডার মূল্যবান ধাতু ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠান কিটকোর সাম্প্রতিক এক জরিপভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিনিয়োগকারী, পণ্যবাজার বিশ্লেষক, উত্তোলনকারী, ক্রেতা-বিক্রেতাসহ মোট ৩৮৬ জন স্টেকহোল্ডার কিটকোর জরিপে অংশ নিয়েছেন। তাদের মধ্যে ১৫১ জন বা ৩৯ শতাংশ মনে করছেন, ২০১৮ সালে ধাতুর বাজারে রুপা প্রত্যাশার তুলনায় ভালো করবে। বিনিয়োগের ক্ষেত্রে রুপার বাজারকে তুলনামূলক নিরাপদ ও লাভজনক মনে করছেন তারা। এর পরই রয়েছে স্বর্ণের অবস্থান। জরিপে অংশগ্রহণকারীদের ২৭ শতাংশ স্বর্ণের বাজারে আস্থা রেখেছেন। বিনিয়োগকারীদের আস্থার জায়গা থেকে তৃতীয় অবস্থানে আছে তামা। জরিপে অংশগ্রহণকারীদের ২৫ শতাংশ তামার প্রতি নিজেদের আস্থার কথা জানিয়েছেন। বিদায়ী বছরে মূল্যবান ধাতুর বাজারে প্যালাডিয়ামের পারফরম্যান্স বেশ ভালো ছিল।
আরও পড়ুন;
আন্তর্জাতিক বাজারে আস্থার শীর্ষে রুপা, দ্বিতীয় স্বর্ণ    
বেড়েছে স্বর্ণের দাম  
বেড়েছে স্বর্ণের দাম    
বাড়তে পারে স্বর্ণের বৈশ্বিক উৎপাদন