চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য আলোচনায় অগ্রগতির জের ধরে বাজারে তুলনামূলক স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের মধ্যে। এর পরিপ্রেক্ষিতে সর্বশেষ কার্যদিবসে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে।
একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে এদিন রুপার দাম বাড়লেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়ামের।
যুক্তরাষ্ট্রের স্পটমার্কেটে সর্বশেষ কার্যদিবসে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ২৯২ ডলার ৫৬ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেশি। তবে স্পটমার্কেটে বাড়লেও ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে এদিন স্বর্ণের দাম অপরিবর্তিত ছিল। দিন শেষে যুক্তরাষ্ট্রের বাজারে জুন মাসে সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ২৯১ ডলার ৯০ সেন্টে।
হংকংভিত্তিক একজন ব্যবসায়ী বলেন, সকাল থেকে স্থিতিশীল ছিল স্বর্ণের বাজার। দিনের পরবর্তী ভাগে মূল্যবান ধাতুটির বাজার কিছুটা চাঙ্গা হয়ে ওঠে। এর পেছনে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি ভূমিকা রেখেছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত দুপক্ষের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠক থেকে বাণিজ্যযুদ্ধে না জড়ানোর যৌথ ঘোষণা এসেছে। পরে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানিউচিন বলেন, ‘বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি পরস্পরের ওপর শুল্ক আরোপ করা থেকে সরে আসতে ও আরো বিস্তৃত পরিসরে বাণিজ্য করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে।’
সর্বশেষ কার্যদিবসে যুক্তরাষ্ট্রের স্পটমার্কেটে প্রতি আউন্স রুপা বিক্রি হয় ১৬ ডলার ৫৩ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেশি। এদিন প্রতি আউন্স প্লাটিনামের দাম আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯০১ ডলার ৫০ সেন্টে।
