ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ফেনী, ঢাকার সাভার ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা প্রাণ হারিয়েছেন ১৯ জন। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে এ সব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
হবিগঞ্জ:
শুক্রবার সকালে মাইক্রোবাসে করে ছেলের জন্য কনে দেখতে একই পরিবারের ১২ জনসহ ১৩ নারায়ণগঞ্জ থেকে সুনামগঞ্জের দিরাই যাচ্ছিলেন। পথে হবিগঞ্জের কান্দিগাঁও এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৮ যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হলে আরো একজনের মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন অগ্নিদগ্ধসহ ৬ জন নিহত হন। হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকায় আসছিলো। রাত সোয়া দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয় মাইক্রোবাসটির। এতে দুমড়েমুচড়ে গেলে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এসময় আগুনে পুড়ে ঘটনাস্থলেই ৫ জনসহ ৬ জনের মৃত্যু হয়।
সাভার:
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে গেছে। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ আহম্মেদ (২২) ঢাকা জেলার ধামরাই উপজেলার আব্দুল মজিদের ছেলে। ২০১৮ সালে তিনি নারায়ণগঞ্জ শিল্প পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন। পরিবার নিয়ে তিনি আশুলিয়ার শ্রীপুর এলাকায় থাকতেন।
সাভার হাইওয়ে পুলিশ জানায়, আকাশ আহম্মেদ কয়েকদিন আগে কর্মস্থল নারায়ণগঞ্জ শিল্প পুলিশ কার্যালয় থেকে আশুলিয়ার শ্রীপুরে নিজ বাড়িতে আসেন। আজ সকালে মোটরসাইকেলে তিনি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হন। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি উদ্ধার করে নিয়ে যায়।
ফেনী:
ফেনীর সোনাগাজী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে সোনাগাজী সড়কের মতিগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৪নং ধুম ইউনিয়নের নাহেরপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মো. আজিজুল হক সাহেদ (২৫) ও একই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ইমামপুর গ্রামের মৃত বশির আহম্মদের ছেলে জিয়া উদ্দিন বাবলু (২২)।
ময়মনসিংহ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। শুক্রবার (৬ মার্চ) ভোরে ভালুকা উপজেলার মেহরাবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট জেলার মধ্যনগর থেকে মাছ বোঝাই একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছাতেই ট্রাকের চাকা নষ্ট হয়ে যায়। রাস্তায় ট্রাক থামিয়ে চাকা পাল্টানোর সময় মাছবাহী অপর একটি পিকআপ এসে পেছনে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায় ও ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পিকআপের আহত ৩ যাত্রীকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজন মারা যান।

