হংকংয়ের উত্তরাংশে একটি দ্রুতগামী বাস দুর্ঘটনায় পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, শহরের উত্তরাংশের একটি প্রধান মহাসড়কের একপাশে বাসটির ক্ষতিগ্রস্ত অবশেষ উল্টে পড়ে আছে। বাসটির ভিতরে আটকা পড়া যাত্রীদের বের করতে বাসটির ছাদ কেটে ফেলেছেন দমকল কর্মীরা।
পুলিশ জানিয়েছে, অন্তত ১৮ জন ঘটনাস্থলেই মারা গেছেন, এদের মধ্যে ১৫ জন পুরুষ; আরো বহু লোক আহত হয়েছেন।
এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বয়োবৃদ্ধ এক ব্যক্তি জানিয়েছেন, দুর্ঘটনার সময় চালক খুব দ্রুত গতিতে বাসটি চালাচ্ছিলেন, এমনকি মোড়ও ঘুরছিলেন ওই গতিতেই।
বাসটির পরিচালনাকারী প্রতিষ্ঠান কাউলুন মোটর বাস কোম্পানির নির্বাহী সো জানিয়েছেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ৮০ হাজার হংকং ডলার করে আর্থিক সহায়তা দেওয়া হবে। দুর্ঘটনার কারণ বের করতে তারা একটি তদন্ত দলও গঠন করবে বলে জানিয়েছে কোম্পানিটি।
