পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হচ্ছে । এ লক্ষ্যে মদিনা থেকে মক্কায় সমবেত হয়েছেন বিভিন্ন দেশের অন্তত ১৫ লাখ মুসল্লি। তাদের সঠিক সময়ে মক্কায় পৌঁছাতে পরিবহনসহ সব ধরনের সেবা নিশ্চিত করার কথা জানিয়েছে হজ কর্তৃপক্ষ।
এদিকে, হজযাত্রীদের সংখ্যার সবশেষ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে।
মঙ্গলবার থেকেই পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। এ লক্ষে সোমবার দুপুর গড়াতেই মদিনা ছেড়ে মক্কায় সমবেত হতে শুরু করেন বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১৫ লাখ ধর্মপ্রাণ মুসলমান। মদিনায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারক জিয়ারত শেষে সব মুসল্লি আজকের মধ্যেই হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে মক্কায় পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। মদিনা মনোয়ারায় অবস্থানরত বাংলাদেশি হাজিরাও এদিন মদিনা থেকে মক্কায় আসবেন।
নির্ঝঞ্ঝাট হজ পালনের লক্ষ্যে এবং সঠিক সময়ে মক্কায় পৌঁছানোর সব ব্যবস্থা করতে বেশিরভাগ বাংলাদেশি হাজি এক সপ্তাহ আগে মদিনায় সমবেত হন এবং মসজিদে নববীতে ইবাদত বন্দেগির মাধ্যমে সময় কাটান। মদিনার হজযাত্রীদের নির্দিষ্ট সময়ে মক্কায় পৌঁছাতে সব ধরণের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে হজ কর্তৃপক্ষ। হজ অফিসের তত্ত্বাবধানে হাজীদের পরিবহনসহ প্রয়োজনীয় সেবা দেয়ার তথাও জানান তারা।
তারা জানান, ‘বাংলাদেশ থেকে আগত হাজিদের মধ্যে প্রায় পঁয়তাল্লিশ হাজার হাজি মদিনায় জিয়ারত সম্পন্ন করেছেন। তাদের মদিনা থেকে মক্কায় যাতায়াতের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা সম্পন্ন করেছি।’
মঙ্গলবার মক্কার পূর্বাঞ্চলীয় মিনাতে রাত্রিযাপন করবেন হাজিরা। পরদিন ফজরের নামাজ আদায় শেষে তারা আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন। আরাফাতে সন্ধ্যা পর্যন্ত অবস্থান শেষে তারা মুজদালিফায় যাবেন এবং খোলা আকাশের নীচে রাত্রিযাপন করবেন। সেখান থেকে পুনরায় মিনায় ফিরে শয়তানের উদ্দেশ্যে কঙ্করদানা নিক্ষেপ করবেন হাজিরা। এরপর পশু কোরবানি ও মাথা মুণ্ডনের মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে।
