হজে যেতে পারছেন না বাংলাদেশিরা; নিবন্ধনকারীরা অগ্রাধিকার পাবেন আগামী বছর



করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতির কারণে এবার সীমিত সংখ্যক হাজির অংশগ্রহণে অনুষ্ঠিত হবে পবিত্র হজ; শুধুমাত্র অংশ নেবেন দেশটিতে অবস্থানকারী বিভিন্ন দেশের নাগরিকরা।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সোমবার রাতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিভিন্ন দেশের নাগরিক যারা সৌদি আরবে আছেন তারা হজে অংশ নিতে পারবেন। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন স্বাস্থ্য বিধি অনুসরণ করে হজ আয়োজন করা সম্ভব হয়। ইসলামে মানুষের জীবন রক্ষার কথা বলা হয়েছে, সেই শিক্ষা থেকেই এ সিদ্ধান্ত। সৌদি সরকার দুটি পবিত্র মসজিদের সংরক্ষণকারী, একই সঙ্গে মিলিয়ন হজ ও ওমরাহ পালনকারীদের সেবা দেয়। যারা হজে অংশ নিবেন তাদের সুরক্ষায় সৌদি সরকার সর্বাধিক গুরুত্ব দেয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিটিতে।

এর ফলে এ বছর বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারছেন না, যারা নিবন্ধন করেছেন তারা অগ্রাধিকারভিত্তিতে আগামী বছর হজে যেতে পারবেন বলে জানিয়েছে হাব।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বের ১৮০টিও বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়েছে। মৃত্যুর সংখ্যাও ৫০ লাখ। করোনা ভাইরাসের ভ্যাকসিন না থাকায় শঙ্কা কমছে না।

করোনা সংক্রমণের প্রথম থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যে কোন ধরণের ভিড়ের কারণে এ ভাইরাস ছড়াতে পারে, এজন্য সামজিক দূরত্ব বজায় রাখা জরুরি।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার নিশ্চয়তা দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি হজ প্যাকেজ ঘোষণা করেছিলেন মন্ত্রিপরিষদ সচিব। করোনাভাইরাসের সংক্রমণে সেটি বন্ধ হয়ে গেল। প্রসঙ্গত,গত বছর ২ দশমিক পাঁচ মিলিয়ন মুসলমান হজে অংশ নিয়েছিলেন। তবে এবার সৌদি আরবের এ সিদ্ধান্তের কারণে বিভিন্ন দেশ থেকে হজে অংশ নেওয়ার সুযোগ আর থাকছে না।