হলি আর্টিজান হামলা: ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র




২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলা চালিয়ে ১৮ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করেছিল জঙ্গিরা। এ হামলায় জড়িত ২১ জনকে চিহ্নিত করার পর আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিতে যাচ্ছে পুলিশ।
হামলার ঘটনার মামলার দুই বছর পূর্ণ হলেও আদালতে অভিযোগপত্র এখনো জমা দেয়নি পুলিশ। এ মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গত ২৫ জুন অভিযোগপত্র জমা দেওয়ার দিন থাকলেও তা না দেওয়ায় আগামী ২৬ জুলাই পুলিশকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
এ বিষয়ে গুলশান হামলার দুই বছর পূর্তির আগের দিন শনিবার মনিরুল সাংবাদিকের বলেন, “বাস্তবায়ন, প্রস্তুতি এবং সর্বশেষ হামলা পর্যন্ত আমরা মোট ২১ জনের সম্পৃক্ততা পেয়েছি। এই ২১ জনের ভেতরে বিভিন্ন অভিযানে ১৩ জন নিহত হয়েছে। বাকি আটজনের বিরুদ্ধে আমরা পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করেছি। যার মধ্যে দুজন পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে আমরা চার্জশিট দিতে যাচ্ছি।”
এছাড়া কাউন্টার টেরোরিজম ইউনিটের এক কর্মকর্তা বলেন, চিহ্নিত ২১ জনের মধ্যে পাঁচজন গুলশান হামলায় সরাসরি অংশ নেন। বাকিরা হামলার পরিকল্পনা, সমন্বয়, প্রশিক্ষণ এবং অস্ত্র-বোমা সংগ্রহসহ বিভিন্ন পর্যায়ে জড়িত ছিলেন।
কবে চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে, সে বিষয়ে মনিরুল কিছু না বললেও গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়ার কথা বলেছিলেন।
মনিরুল নিহত ও গ্রেপ্তারদের নাম না বললেও পুলিশ কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন নামে দুজন এখনও পলাতক রয়েছেন।
২০১৬ সালের ১ জুলাই রাতে কূটনীতিক পাড়া গুলিশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের ঠেকাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন।
রাতভর উৎকণ্ঠার পর ২ জুলাই সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে সঙ্কটের অভিযান ঘটে। হামলায় অংশ নেওয়া নব্য জেএমবির পাঁচ জঙ্গি ওই অভিযানে নিহত হয়।
নিবরাজ ইসলাম, মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জল নিহত হয়েছিলেন হামলার দ্বিতীয় দিন সেনাবাহিনীর কমান্ডো অভিযানে।
আর পরে জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযানে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ তামিম চৌধুরী, জাহিদুল ইসলাম, তানভীর কাদেরী, নুরুল ইসলাম মারজান, আবু রায়হান তারেক, সারোয়ার জাহান, বাসারুজ্জামান চকলেট ও ছোট মিজান নিহত হন।
গ্রেপ্তার আছেন রাজীব গান্ধী, বড় মিজান, রফিকুল ইসলাম রিগ্যান, সোহেল মাহফুজ, রাশেদুল ইসলাম ওরফে র‌্যাশ ও হাদিসুর রহমান সাগর।
জড়িত এই ২১ জনের বাইরে হোলি আর্টিজানে হামলার ঘটনার পরপরই গ্রেপ্তার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসানাত করিম। কারাগারে থাকা হাসানাতকে এই মামলায় অভিযোগপত্রভুক্ত করা হবে কি না, সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।