সীমানা জটিলতা নিয়ে এক রিট আবেদনে ভোটের তারিখের মাত্র নয় দিন আগে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দিয়েছে হাই কোর্ট।
হাই কোর্টের বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি জাফর আহমেদের বেঞ্চের রোববার দেওয়া এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল হবে কি না, সে বিষয়ে ইসি সুনির্দিষ্ট করে কিছু জানায়নি। তবে করপোরেশনে সব ধরনের নির্বাচনী কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের নির্দেশনা পুরোপুরি হাতে পাওয়ার পর ইসি পরবর্তী করণীয় ঠিক করবে।
গাজীপুর সিটি করপোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা এ বি এম আজহারুল ইসলাম সুরুজের এক রিট আবেদনে আদালতের এই স্থগিতাদেশ আসে।
বিএনপি অভিযোগ করেছে, পরাজয় আঁচ করে সরকারই ষড়যন্ত্র করে এই নির্বাচনটি আটকে দিয়েছে। তা নাকচ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, আদালতের এই সিদ্ধান্তে সরকারের কোনো হাত নেই।
গাজীপুর সিটি করপোরেশন গঠিত হওয়ার পর এটি দ্বিতীয় নির্বাচন; ২০১৩ সালে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিএনপি নেতা এম এ মান্নান মেয়র হয়েছিলেন আওয়ামী লীগের আজমত উল্লাহ খানকে হারিয়ে।
তবে এবার বিএনপি প্রার্থী বদল করে মনোনয়ন দেয় টঙ্গী পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানউদ্দিন সরকারকে; ক্ষমতাসীন আওয়ামী লীগও প্রার্থী বদলে আনে জাহাঙ্গীর আলমকে। দুই পক্ষের প্রচার আর বিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে ইসির ভোটের প্রস্তুতি নিয়ে চলার মধ্যে আদালতের স্থগিতাদেশ এল।
গাজীপুর সিটি করপোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা অন্তর্ভুক্ত করে ২০১৩ সালে ১৬ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগের গেজেট, চলতি বছরের ৪ মার্চ স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপন ও নির্বাচনের জন্য গত ৩১ মার্চ ঘোষিত তফসিল চ্যালেঞ্জ করে রোববার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ রিট আবেদনটি করেন।
প্রাথমিক শুনানি নিয়েই হাই কোর্ট বেঞ্চ ভোট তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করে দেয়।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বিএম ইলিয়াস কচি। তার সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দ মো. রেজাউর রহমান রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান; নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন তৌহিদুল ইসলাম।
