লাস ভেগাসে হামলাকারী বন্দুকধারীকে ‘অসুস্থ’ ও ‘উন্মত্ত’ বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, প্যাডক ছিলেন ‘একজন অসুস্থ মানুষ, একজন উন্মত্ত মানুষ।
সোমবার রাতে বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ট্রাম্প বলেন, প্যাডক ছিলেন ‘একজন অসুস্থ মানুষ, একজন উন্মত্ত মানুষ। অনেক সমস্যা রয়েছে বলে আমি মনে করি। আমরা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।’
সাংবাদিকেরা জানতে চাইলে ট্রাম্প এই হামলাকে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ বলতেও অস্বীকৃতি জানান। অস্ত্র নিয়ন্ত্রণ ইস্যু নিয়ে প্রেসিডেন্ট বলেন, ‘আমরা অস্ত্র আইন নিয়ে আলোচনা করব।
রোববার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের রাস্তায় উন্মুক্ত কনসার্টে পার্শ্ববর্তী মান্দালাই বে হোটেলের ৩২তলা থেকে গুলি করে ৫৮ জনকে হত্যা ও ৫২৭ জনকে আহত করে এক বন্দুকধারী।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়। কোনো কোনো সূত্র বলছে, বন্দুকধারী আত্মহত্যা করেছে। তাঁর নাম স্টিফেন প্যাডক। ৬৪ বছর বয়সী স্টিফেন নেভাদার বাসিন্দা। তিনি কেন উন্মুক্ত কনসার্টে গুলি চালিয়েছেন এখনো পুলিশ তার উত্তর খোঁজার চেষ্টা করছে। পুলিশ হোটেলে প্যাডকের হোটেল কক্ষ থেকে ২৩টি আগ্নেয়াস্ত্র এবং তাঁর বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করেছে।
এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডের পরিষ্কার কারণ জানা যায়নি। তদন্তকারীরা এ ঘটনার সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদেরও কোনো সম্পর্কও খুঁজে পাননি। তদন্তকারীদের কেউ কেউ মনে করছেন, স্টিফেন প্যাডক মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে এটি ধারণামাত্র। নিশ্চিত কোনো তথ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে প্যাডকের অতীতে কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার রেকর্ড নেই। তিনি পুলিশের কাছেও পরিচিত কোনো ব্যক্তি ছিলেন না।
আরও পড়ুন;
লাস ভেগাসে হামলার দায় স্বীকার করেছে আইএস
লাস ভেগাসে গোলাগুলি, নিহত ৫০
লাস ভেগাসে গোলাগুলি, হতাহতের আশংকা
