হারিকেন হার্ভির প্রভাবে চলতি প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হয়ে পড়বে। তবে এর পরবর্তী প্রান্তিকগুলোয় প্রবৃদ্ধি বেশ গতিশীল থাকবে।
টেক্সাসে আছড়ে পড়া হারিকেন হার্ভি ছিল অর্ধশতকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। ভয়াবহ এ ঝড়ে ৬০ জনের বেশি মানুষ প্রাণ হারায়; বাসস্থান ত্যাগ করতে হয় ১০ লাখের বেশি নাগরিককে। ঝড়ের তাণ্ডবে টেক্সাসের তেল পরিশোধনাগারগুলো সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়। টেক্সাসের গভর্নর বলছেন, ঝড়ের কারণে ক্ষয়ক্ষতি প্রায় ১৮ হাজার কোটি ডলারে ঠেকবে।
অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর হারিকেন হার্ভির প্রভাব ঠিক কতখানি অনুভূত হবে, এ বিষয়ে রয়টার্সের জরিপে অংশ নেয়া অর্থনীতিবিদরা জানিয়েছেন, মৌসুমভিত্তিক হিসাব-নিকাশ সমন্বয়ের পর দেখা যাবে হার্ভির কারণে বার্ষিক প্রবৃদ্ধিতে দশমিক ৩ শতাংশ অবনমন হয়েছে।
তবে অর্থনীতির ওপর হার্ভির প্রভাব দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। যদিও ২০০৫ সালে ক্যাটরিনা ও ২০১২ সালে আঘাত হানা হারিকেন স্যান্ডির কারণে সে সময় মার্কিন জিডিপি প্রবৃদ্ধির অর্ধেকই কমে গিয়েছিল। তবে এসব দুর্যোগ-পরবর্তী প্রকাশিত তথ্যগুলোয় দেখা যায়, দেশে যথেষ্ট পরিমাণ কর্মসংস্থান হয়েছিল এবং সরকারের পুনর্গঠনমূলক কার্যক্রমের সুবাদে মার্কিন অর্থনীতি বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিল।
ক্রেডিট সুইসের প্রধান অর্থনীতিবিদ জেমস সুয়েনি বলেন, ঝড়ের কারণে পুরো দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। আরো কয়েক সপ্তাহ বন্যার প্রভাব থাকলে কর্মীদের বেতনের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এরই মধ্যে হারিকেন হার্ভিসহ অন্যান্য প্রকৃতিক দুর্যোগে আক্রান্ত অঞ্চলগুলোর জন্য ১ হাজার ৫২৫ কোটি ডলারের সহায়তা তহবিল বরাদ্দ নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে।
এদিকে অর্থনীতিতে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের প্রভাব সাময়িক হবে— এ-সংক্রান্ত পূর্বাভাস দেয়া হলেও তাতে সবাই আশ্বস্ত হচ্ছে না। বার্কলেসের প্রধান অর্থনীতিবিদ মাইকেল গাপেন এ প্রসঙ্গে বলেন, হারিকেন হার্ভি অর্থনীতিতে বড় ধরনের দাগ কাটতে পারে। বিশেষ করে উপসাগরীয় উপকূলে জ্বালানি শিল্পের ওপর প্রাকৃতিক দুর্যোগ সবচেয়ে অনুভূত হবে।
বার্কলেসের মতে, হার্ভির কারণে মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ থেকে ১ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট ক্ষতিগ্রস্ত হবে। যদিও চলতি ও পরবর্তী প্রান্তিকে মার্কিন অর্থনীতি বার্ষিক যথাক্রমে ২ দশমিক ৬ এবং ২ দশমিক ৫ শতাংশ হারে সম্প্রসারিত হবে বলে রয়টার্সের জরিপে উল্লেখ করা হয়েছে। এটি পূর্ববর্তী মাসের জরিপ পূর্বাভাসের চেয়ে বেশি। পূর্বাভাসে প্রবৃদ্ধি বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে, হারিকেন হার্ভি আঘাত হানার আগে থেকেই পূর্বাভাস হালনাগাদের কাজ শুরু করেছিলেন অর্থনীতিবিদরা।
এদিকে পূর্বাভাসে প্রবৃদ্ধি বাড়ানো হলেও মূল্যস্ফীতিজনিত প্রত্যাশা সূচকটিতে আগের মাসের তুলনায় নিম্নগতি লক্ষ করা গেছে। মূল্যস্ফীতির অবস্থা পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ মনোনীত পিসিই মূল্যসূচকটি ২০১৯ সালের আগে ২ শতাংশের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবে না বলে জরিপে মতামত দেয়া হয়েছে। জরিপে বলা হচ্ছে, চলতি বছরের বাদবাকি সময় থেকে আগামী বছর পর্যন্ত কোর পিসিই মূল্যস্ফীতি গড়ে ১ দশমিক ৪ থেকে ১ দশমিক ৯ শতাংশের মধ্যে অবস্থান করবে।
