দেশের সকল বেসরকারি ক্লিনিক বা হাসপাতাল, ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষাসহ চিকিৎসাসেবাবিষয়ক মূল্যতালিকা ও ফি ওখানকার পাবলিক প্লেসে (প্রকাশ্য জায়গায়) ১৫ দিনের মধ্যে টাঙানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদেশ হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যে তা বাস্তবায়নের জন্য স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে আদালত ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স অনুযায়ী একটি নীতিমালা তৈরি এবং তা বাস্তবায়নের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের আদেশ দিয়েছেন।
আদেশ হাতে পাওয়ার ৬০ দিনের মধ্যে এ নীতিমালা তৈরি ও কমিটি গঠনের কাজ শেষ করতে হবে বলে সময় বেঁধে দিয়েছেন আদালত। এক্ষেত্রেও স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আদালত গতকাল সব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স অনুমোদন, সেবা তদারকি এবং নিয়ন্ত্রণের জন্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ অনুযায়ী নীতিমালা তৈরির নির্দেশ কেন দেয়া হবে না সে বিষয় জানতে চেয়ে রুল জারি করেন।
একই সঙ্গে সব জেলা সদরের হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনের নির্দেশ কেন দেয়া হবে না— সে বিষয়েও জানতে চেয়েছেন আদালত। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, পুলিশ মহাপরিদর্শক ও র্যাব মহাপরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, উল্লিখিত অধ্যাদেশের বিধানগুলো যথাযথভাবে অনুসরণের নির্দেশনা চেয়ে চলতি মাসেই হাইকোর্টে এ রিট আবেদন দায়ের করা হয়। হিউম্যান রাইটস ল’ ইয়ার্স অ্যান্ড সিকিউরিং এনভায়রনমেন্ট সোসাইটি অব বাংলাদেশের পক্ষে কোষাধ্যক্ষ মো. শাহ আলম রিটটি দায়ের করেন।

