কাতালোনিয়ার নিয়ন্ত্রণ নেয়ার হুমকি দিয়েছে স্পেন




গত মঙ্গলবার রাতে কাতালান পার্লামেন্টে স্বাধীনতার ‘প্রতীকি ঘোষণা’ দেন পুজদেমন; ভাষণে স্পেনের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে সেই ঘোষণার কার্যকারিতা স্থগিত রাখারও আহ্বান জানান তিনি। এরপরই স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় কাতালোনিয়ার প্রেসিডেন্টকে বিষয়টি স্পষ্ট করতে সোমবার পর্যন্ত সময় দেন। এবার কাতালোনিয়ার নেতা কার্লোস পুজদেমনের কাছে মাদ্রিদের করা প্রশ্নের সুস্পষ্ট জবাব না এলে স্বায়ত্তশাসিত অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার হুমকি দিয়েছে স্পেন।
কাতালোনিয়ার অবস্থান যদি স্বাধীনতার পক্ষে হয়, তা হলে সিদ্ধান্ত বদলাতে পুজদেমনকে দেওয়া হয় ‘আরও চারদিন’। এরপরই মাদ্রিদ সরকার কাতালোনিয়ার নিয়ন্ত্রণ নিতে পদক্ষেপ নিতে শুরু করবে বলে ইঙ্গিত দিয়েছে স্পেন সরকার।
শনিবার স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী হুয়ান ইগানাসিও বলেন,কাতালুনিয়াকে অবশ্যই স্বাধীনতার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে।
তিনি বলেন, “উত্তরে কোনো অস্পষ্টতা থাকা চলবে না। তাকে (পুজদেমন) অবশ্যই ‘হ্যাঁ’ কিংবা ‘না’ বলতে হবে। উত্তর যদি অস্পষ্ট হয়, তার মানে হলো তিনি আলোচনা চান না; এরপরই স্পেনের সরকার পদক্ষেপ নেবে,”।
এদিকে মাদ্রিদ সরকারের প্রশ্নের জবাব নিয়ে স্থানীয় দলগুলোর সঙ্গে আলোচনা করছেন ‘উভয় সঙ্কটে’ পড়া পুজদেমন। তার উত্তর যদি হয় ‘হ্যাঁ, তাহলে মাদ্রিদ সরকার কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নেবে; অন্যদিকে তিনি যদি আলোচনার খাতিরে ‘না’উত্তর দেন, তাহলে আঞ্চলিক সরকার থেকে কট্টর বামপন্থি দল সিইউপি সমর্থন প্রত্যাহার করে নিতে পারে। সেক্ষেত্রে পুজদেমন সরকারের পতন ঘটতে পারে। শুক্রবার সিইউপি মাদ্রিদের হুমকি প্রত্যাখ্যান করে দ্ব্যর্থহীনভাবে স্বাধীনতার ঘোষণা দিতে পুজদেমনের প্রতি আহ্বান জানিয়েছে।
একই সুর স্বাধীনতাপন্থি নাগরিক গোষ্ঠী কাতালান ন্যাশনাল অ্যাসেম্বলিরও। শনিবার তারা পুজদেমনের জোট সরকারের আরেক প্রভাবশালী দল এসকুয়েরা রিপাবলিকানা দে কাতালোনিয়ার সঙ্গেও বৈঠক করেছে।