করোনাভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সে কারণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশে ফেরা ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সরকার।
সরকারি নির্দেশ অমান্য করার কারণে বিভিন্ন জেলায় বেশ কয়েকজনকে অর্থদণ্ড করেছে স্থানীয় প্রশাসন।
পাবনায় একজনকে দণ্ড
পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামে হোম কোয়ারেন্টাইন ছেড়ে দোকানে আড্ডা দেওয়ায় মালয়েশিয়া ফেরত এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রামে ছয় জনকে জরিমানা
করোনা ভাইরাস প্রতিরোধে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় প্রবাসীকে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কক্সবাজারে তিন জনকে জরিমানা
হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করার দায়ে কক্সবাজারে বিদেশ ফেরত তিন জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলী।
নারায়ণগঞ্জে তিন প্রবাসীকে অর্থদণ্ড
করোনা ভাইরাস সংক্রান্ত সরকারি বিধিনিষেধ অমান্য করায় নারায়ণগঞ্জে তিন প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকালে সদর উপজেলার ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে হোম কোয়ারেন্টাইন না মানায় দুই প্রবাসীকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।
মৌলভীবাজারে তিন জনকে দণ্ড
হোম কোয়ারেন্টাইন লঙ্ঘনের অপরাধে মৌলভীবাজারে তিন জনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন এই অর্থদণ্ড করেন। সিভিল সার্জন জানান, শাস্তিপ্রাপ্তরা যাতে হয়রানির শিকার না হন তাই নাম ও পরিচয় গোপন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় দুই জনকে দণ্ড
হোম কোয়ারেন্টাইনে থাকার সরকারি আদেশ অমান্য করায় জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামে ওমান ফেরত এক যুবককে এবং আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামের ইতালি প্রবাসী এক যুবককে আজ বুধবার দুপুরে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নওগাঁয় একজনকে দণ্ড
নওগাঁর ধামইরহাটে বিদেশ ফেরত একজন হোম কোয়ারেন্টাইন অমান্য করে লোকালয়ে আসায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ) বিকালে উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় ভ্রাম্যমাণ আদালতে তার অর্থদণ্ড করেন। গত ১১ মার্চ ব্রুনাই থেকে দেশে ফিরে ছয় দিন ঢাকায় অবস্থান করে ওই যুবক। হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে ১৬ মার্চ ধামইরহাটে গ্রামের বাড়িতে পাঠানো হলেও তিনি বাড়িতে এসে প্রকাশ্যে চলাফেরা করতে থাকেন।
মানিকগঞ্জে একজনকে দণ্ড
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় হোম কোয়ারেন্টাইন না মানায় ইরাক ফেরত এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার কেএম ফিরোজ মাহমুদ বুধবার এই জরিমানা করেন। তার সংস্পর্শে আসা পরিবারের অন্য সদস্যদেরও কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়।
জামালপুরে একজনকে জরিমানা
জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম জানান, জামালপুর পৌর এলাকার বগাবাইদ গ্রামের এক নারী গত ১৪ মার্চ দেশে ফিরে আসেন। তার বিরুদ্ধে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা মান্য না করার অভিযোগ পায় জেলা প্রশাসন।
কুমিল্লায় এক পরিবারকে জরিমানা
কুমিল্লার লাকসামে হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় ইতালি প্রবাসী একজনের চার সদস্যের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই পরিবারের সদস্যরা অবাধে ঘোরাঘুরি করছিলেন। পরিবারের সদস্যদের মধ্যে দুই শিশু সন্তান ও স্বামী-স্ত্রী রয়েছেন।
সুনামগঞ্জে একজনকে জরিমানা
সুনামগঞ্জের ছাতক পৌর শহরে হোম কোয়ারেন্টাইন না মানায় এক সৌদি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আাদালত। বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
টাঙ্গাইলে চার জনের জরিমানা
হোম কোয়ারেন্টাইন না মানায় টাঙ্গাইলে চার ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ ) পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় ককরা হয়। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
হবিগঞ্জে ফ্রান্স প্রবাসীকে জরিমানা
হবিগঞ্জের লাখাইয়ে ফ্রান্স থেকে আসা একজন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করে বের হওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্চিতা কর্মকার এ জরিমানা করেন।
মাদারীপুরে দুই প্রবাসীকে জরিমানা
হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাফেরার করার দায়ে মাদারীপুরের কালকিনিতে এক স্পেন ফেরত প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড এবং ইতালি ফেরত এক প্রবাসীকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দিনাজপুরে একজনকে জরিমানা
সরকারি নির্দেশনা অমান্য করে লোকালয়ে বের হওয়ায় দিনাজপুরের খানসামায় দুবাইফেরত এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকালে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম এই জরিমানার রায় দেন।

