জাকিয়া বারী মম অভিনীত অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতাবানু’ চলচ্চিত্রটি কাল মুক্তি পাচ্ছে। এই চলচ্চিত্রে ‘আলতা’ চরিত্রে অভিনয় করেছেন মম। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। মম’র ছোট বোন বানু চরিত্রে অভিনয় করেছেন ফারজানা রিক্তা।
ঢাকাসহ সারা দেশের মোট দশটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘আলতাবানু’। তিন বছর পর মম নতুন চলচ্চিত্র নিয়ে দর্শকের মাঝে হাজির হলেন। সর্বশেষ ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ।

‘আলতাবানু’ চলচ্চিত্র প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘বহু বছর আগে অরুণ দাদার নির্দেশনায় নাটকে অভিনয় করেছিলাম। তার নির্দেশনায় এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছি। এটি দাদার প্রথম চলচ্চিত্র। আলতাবানু খুব সুন্দর একটি গল্পের চলচ্চিত্র। চলচ্চিত্রের শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক একটি ভ্রমণের মধ্যে থাকবেন। গল্পটা দর্শকের মন ছুঁয়ে যাবে, এটা আমি বলতে পারি। আমি এতে আলতা চরিত্রে অভিনয় করেছি। বলা যায় চলচ্চিত্রটি আলতার নিজের সংগ্রামের গল্প। দাদা অনেক যত নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। আশা করি দর্শক আলতাবানু বেশ উপভোগ করবেন।’
‘আলতাবানু’র কাহিনী লিখেছেন ফরিদুর রেজা সাগর এবং চিত্রনাট্য করেছেন বৃন্দাবন দাস ও অরুণ চৌধুরী। এদিকে মম নিজে তার অভিনীত এই চলচ্চিত্র দর্শকের সঙ্গে বসে উপভোগ করবেন। তবে তা কবে সে বিষয়ে নিশ্চিত করেননি তিনি। গেলো পহেলা বৈশাখে মম সাগর জাহানের নির্দেশনায় তাহসানের বিপরীতে ‘সোনালী ইলিশের গল্প’ নাটকে অভিনয় করেছেন। এই নাটকে তাহসান এবং মম’কে একেবারেই নতুনভাবে দর্শক দেখেছেন। এদিকে তানিম রহমান অংশুর নির্দেশনায় মম অভিনীত ‘স্বপ্নবাড়ি’ চলচ্চিত্রের কাজও শেষ হয়ে আছে। এতে তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন। এই জুটি প্রথম একসঙ্গে অভিনয় করেন রকিবুল আলম রকিবের ‘প্রেম করবো তোমার সাথে’ চলচ্চিত্রে। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’। এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। মম অভিনীত শিহাব শাহীন পরিচালিত ধারাবাহিক ‘লিপস্টিক’ নাগরিক টিভিতে, নজরুল ইসলাম রাজুর ‘ঘরে বাইরে’ মাছরাঙ্গায় নিয়মিত প্রচার হচ্ছে।
