সন্ত্রাসবাদ উসকে দেয়ার অভিযোগে ১০ লাখের বেশি অ্যাকাউন্ট স্থগিত করেছে টুইটার। ২০১৫ সাল থেকে এসব অ্যাকাউন্ট স্থগিত করে মাইক্রোব্লগিং সাইটটি। সম্প্রতি টুইটার এ তথ্য জানিয়েছে।
টুইটারের সর্বশেষ স্বচ্ছতা প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবাদ উসকে দেয়, এমন কনটেন্ট থাকায় ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ১০ লাখের বেশি অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। এর মধ্যে ২০১৭ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ২ লাখ ৭৪ হাজার ৪৬০টি অ্যাকাউন্ট স্থগিত করা হয়। টুইটারের আগের প্রতিবেদনের চেয়ে সাম্প্রতিক প্রতিবেদনে স্থগিত করা অ্যাকাউন্টের সংখ্যা ৮ দশমিক ৪ শতাংশ কম বলা হয়েছে।
টুইটার এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসবাদসংশ্লিষ্ট কনটেন্ট ছড়িয়ে পড়া রোধে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। ফলে সাম্প্রতিক সময়ে এ ধরনের কনটেন্ট ছড়ানো আগের চেয়ে কমেছে।
বিশ্বে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের সরকার সামাজিক যোগাযোগের মাধ্যমের ওপর চাপ বাড়াতে থাকে। বিশেষত সন্ত্রাসবাদী গোষ্ঠীর প্রচারণা বন্ধে সরকারগুলো বিশেষ পদক্ষেপ গ্রহণের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে আহ্বান জানায়। আর এরই প্রেক্ষাপটে টুইটার কর্তৃপক্ষ বিপুলসংখ্যক অ্যাকাউন্ট স্থগিত করছে।
ফেসবুক, গুগলসহ অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলো তাদের প্লাটফর্ম থেকে এ ধরনের কনটেন্ট সরিয়ে ফেলতে উদ্যোগী হয়েছে। প্লাটফর্মকে নিরাপদ করতে ফেসবুক কর্মী সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ফেসবুক প্লাটফর্ম নিরাপদ রাখতে ১০ হাজার কর্মী কাজ করছেন।
