১১ এপ্রিল সরকারকে করোনাভাইরাস পরীক্ষার কিট সরবরাহ করবে গণস্বাস্থ্য কেন্দ্র



১১ এপ্রিল সরকারকে করোনাভাইরাস পরীক্ষার কিট সরবরাহ করবে গণস্বাস্থ্য কেন্দ্র

অবশেষে দেশে চলমান করোনা সঙ্কটে এই ভাইরাস শনাক্তের কিট তৈরি করা এবং ল্যাব প্রস্তুতকরণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এই খবর জানিয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রকে এই অনুমোদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে ডা. জাফরুল্লাহ বলেন, আগামী ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সরকারকে আমরা করোনাভাইরাস পরীক্ষার কিট সরবরাহ করবো।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর রক্তের নমুনা পাওয়া গেছে। পরীক্ষামূলক কিট দিয়ে রক্ত পরীক্ষা করে দেখবেন তারা।

উল্লেখ্য, বিজন কুমার শীলের নেতৃত্বে গণস্বাস্থ্য কেন্দ্রের চার চিকিৎসক নিহাদ আদনান, মোহাম্মদ রাশেদ জমিরউদ্দিন ও ফিরোজ আহমেদ করোনা শনাক্তের এই কিট উদ্ভাবন করেন।

এছাড়াও ২০০৩ সালে সার্স ভাইরাস ছড়িয়ে পড়লে বিজন কুমার শীল সিঙ্গাপুর গবেষণাগারে কয়েকজন সহকারীকে নিয়ে সার্স ভাইরাস দ্রুত নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার করেন। বর্তমানে বিজন কুমার শীল গণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের প্রধান বিজ্ঞানী হিসেবে কর্মরত আছেন।

পেপার’স লাইফ/খবর/জাতীয়