১৫টি দেশে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ডিম




ইউরোপের ১৫টি এবং সুইজারল্যান্ডে ক্ষতিকর রাসায়নিক উপাদনযুক্ত বিষাক্ত ডিম খুঁজে পাওয়া গেছে। বিষাক্ত এ ডিমের সন্ধান পাওয়ার ঘটনা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন।
বিষয়টি নিয়ে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি পরস্পরকে দোষারোপ করায় পরিস্থিতি আরো উদ্বেগজনক করে তুলছে বলে জানানো হয়।
সম্প্রতি নেদারল্যান্ডস থেকে আমদানি করা ডিমে ফিপ্রোনিল নামের একটি রাসায়নিকের উপস্থিতি খুঁজে পায় ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি-এফ.এস.এ। ওই ঘটনায় এরইমধ্যে দু’জনকে আটক করেছে ডাচ পুলিশ। স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এরইমধ্যে বিষাক্ত ডিমগুলো দিয়ে তৈরি স্যান্ডুইচ, সালাদসহ ১১টি পণ্য যুক্তরাজ্যের সুপারমার্কেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
ডিমে থাকা রাসায়নিক মানবদেহে প্রবেশ করলে কিডনি, লিভার ও থাইরয়েড গ্ল্যান্ড মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বলে জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে মাঝারি মাত্রার বিষ বলে ঘোষণা দিয়েছে। খামারে পালন করা প্রাণীদের শরীরের উকুন মারার জন্য সাধারণত এ রাসায়নিক ব্যবহার করা হয়।