১ লাখ টনের বেশি কমেছে পেঁয়াজ আমদানি




২০১৭ সালজুড়ে পেঁয়াজ আমদানি বাণিজ্যে মন্দাভাব বজায় ছিল। এ সময় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি আগের বছরের তুলনায় এক লাখ টনের বেশি কমেছে। বৈরী আবহাওয়ার কারণে গত বছর ভারতে পেঁয়াজের উৎপাদন কমেছে। এর জের ধরে দেশটির বাজারে পণ্যটির সরবরাহ তুলনামূলক কম ছিল।
২০১৭ সালে পেঁয়াজের আমদানি কমার পেছনে এ বিষয়টিকে চিহ্নিত করেছেন হিলির ব্যবসায়ী ও আমদানিকারকরা। একই সঙ্গে ভারতের বাজারে পেঁয়াজের বাড়তি রফতানি মূল্য (এমইপি) হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটি আমদানি কমার পেছনে বড় ভূমিকা রেখেছে বলেও মত তাদের।
হিলি স্থলবন্দর কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৭ সালে এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৮ হাজার ৮৬৪টি ট্রাকে সবমিলে ১ লাখ ৮২ হাজার ৬২৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর আগের বছর হিলি স্থলবন্দর দিয়ে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি হয়েছিল। এ সময় ১৪ হাজার ২০৫টি ট্রাকে মোট ২ লাখ ৮৪ হাজার ৫৩৯ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি কমেছে প্রায় ১ লাখ ১ হাজার ৯১৬ টন।
গত পাঁচ বছর এ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির তথ্য পর্যবেক্ষণ করে দেখা যায়, ২০১৩ সালে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৬ হাজার ৪৪৪টি ট্রাকে মোট ৯২ হাজার ৮১১ টন পেঁয়াজ আমদানি হয়েছিল, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। পরের বছর পণ্যটির আমদানির পরিমাণ বৃদ্ধি পায় প্রায় ২৯ হাজার ৪৪১ টন। এ সময় ভারত থেকে ৬ হাজার ৬৪৫টি ট্রাকে সবমিলে ১ লাখ ২২ হাজার ২৫২ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। ২০১৫ সালে হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটির আমদানি আরো বেড়েছে। এ সময় ভারত থেকে ৭ হাজার ৪৮০টি ট্রাকে মোট ১ লাখ ৩০ হাজার ৪৭৫ টন পেঁয়াজ আমদানি হয়েছিল, যা আগের বছরের তুলনায় ৮ হাজার ২৩ টন বেশি। গত পাঁচ বছরের মধ্যে ২০১৭ সালে প্রথমবারের মতো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি কমেছে।
সাধারণত এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৪৫-৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হয়। গত বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) পণ্যটির আমদানির পরিমাণ দৈনিক ১৫-২০ ট্রাকে নেমে এসেছিল।
স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ী ও আমদানিকারক মো. হারুন উর রশীদ হারুন জানান, প্রতি বছরই দেশে পেঁয়াজের অভ্যন্তরীণ চাহিদা বাড়ছে। সে তুলনায় দেশে পেঁয়াজের উৎপাদন কম হয়। এ কারণে বাড়তি চাহিদার চাপ সামলাতে পেঁয়াজ আমদানির বিকল্প নেই। পর্যাপ্ত সরবরাহের নিশ্চয়তা থাকায় স্থানীয় আমদানিকারকরা ভারত থেকে পণ্যটি বেশি আমদানি করেন। এতে পরিবহন ব্যয়ও তুলনামূলক কম লাগে। ফলে দেশের বাজারে তুলনামূলক কম দামে আমদানি করা পেঁয়াজ বিক্রি করা সম্ভব হয়। তবে ২০১৭ সালে পরিস্থিতি অনুকূলে ছিল না।