২০১৬ সালে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ৫০ শতাংশ বেড়েছে




২০১৬ সালে পৃথিবীর বায়ুমণ্ডলে ঘনীভূত কার্বন ডাই-অক্সাইডের মাত্রা ছিল সবচেয়ে বেশি। যা গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি। গত বছর বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ৫০ শতাংশ বেশি বেড়েছে।
বিশ্ব আবহাওয়া সংস্থার এক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। মানুষের কর্মকাণ্ড এবং এল নিনোর প্রভাবে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা এভাবে বেড়ে গেছে। বায়ুমণ্ডলে এই মাত্রার কার্বন ডাই-অক্সাইড গত আট লাখ বছরে একবারও দেখা যায়নি বলে জানিয়েছেন গবেষকরা।
বিশ্ব আবহাওয়া সংস্থার কার্বন ডাই-অক্সাইড বুলেটিনে দেখানো হয়েছে বিশ্বের ৫১টি দেশের মধ্যে কোথায় কোথায় সবচেয়ে বেশি উষ্ণ গ্যাস রয়েছে। এসব গ্যাসের মধ্যে রয়েছে কার্বন ডাই-অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইড। মহাসাগর ও জীবমণ্ডলে শোষিত হওয়ার পর বায়ুমণ্ডলে যে পরিমাণ গ্যাস পাওয়া যায়, এই বুলেটিনে সেই পরিমাণের কথাই উল্লেখ করা হয়েছে।
বিশ্ব আবহাওয়া সংস্থার গ্লোবাল অ্যাটমোসফিয়ার ওয়াচ প্রকল্পের প্রধান জানিয়েছেন গত ৩০ বছরে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ এত বাড়তে দেখেননি তাঁরা। এর আগে ১৯৯৭-৯৮ সালে এল নিনোর প্রভাবে কার্বন ডাই-অক্সাইডের গড় ঘনত্ব ২ দশমিক ৭ পিপিএম বেড়েছিল। এবার সেই মাত্রা দাঁড়িয়েছে ৩ দশমিক ৩ পিপিএমে। গড়ে যা গত ১০ বছরের ৫০ শতাংশেরও বেশি।