২০ কেজি ওজনের বোয়াল মিলেছে চট্টগ্রামে


paperslife

তীব্র তাপদাহকে শান্ত করে এসেছিল মুষলধারে বৃষ্টি। আর এতেই পানির নিচে তলিয়ে গেছে হাটহাজারী উপজেলার অধিকাংশ রাস্তা, মাঠঘাট ও খালবিল।

মাছ ধরার নেশা পেয়ে বসে স্থানীয়দের মধ্যে। তারা হাত জাল ও পলো নিয়ে নেমে পড়েন খালবিলে মাছ শিকারে।

টানা কয়েক ঘন্টার বৃষ্টিপাতে শনিবার সকালে শখের বসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং রেলগেট এলাকার ফতেপুর ইউনিয়নের বখতিয়ার ফকিরসংলগ্ন বিলে মাছ ধরতে নামেন মো. কামাল উদ্দিন। হঠাৎ তার পলোতে ধরা পড়ে ২০ কেজি ওজনের একটি বিশাল বোয়াল।

জানা গেছে, তীব্র গরমের পর হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। শনিবার বৃষ্টি থামার পরই এলাকাবাসী মাছ ধরার সরঞ্জাম নিয়ে পাশে জমে থাকা হাঁটু-কোমর সমান পানিতে মাছ শিকারে নামেন।

ফতেপুর ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন জানান, শখের বসে পলো নিয়ে মাছ ধরতে হাওরে যান তিনি। তার পলোতে একটি বিশাল বোয়াল আটকা পড়ে। ২০ কেজি ওজনের মাছটি বাড়িতে আনার পর আশপাশের লোকজন দেখতে ভিড় করেন। পরে মাছটি কেটে নিজেসহ আত্মীয়স্বজন সবাই মিলে ভাগ করে নেন।

হাটহাজারী উপজেলার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, বর্তমান সময়টা মাছের প্রজনন মৌসুম। বৃষ্টি বা বজ্রপাত হলে মা মাছগুলো ডিম ছাড়ার জন্য খালবিলে স্রোতের বিপরীতে যেতে থাকে। এ সময় মাছগুলো আশপাশের ছোট খালবিলে আশ্রয় নেয়। আর এতেই মাছ ধরার সুযোগ বেড়ে যায়।

অস্বস্তিকর পরিবেশকে স্বস্তি ফিরিয়ে দিয়েছিল কয়েকঘন্টার বৃষ্টি। আর তাতে আশপাশের খাল বিলে স্থানীয়দের মাছ ধরার প্রবণতা দেখা যায়।