পোশাক খাতের শ্রমিকদের উৎসব ভাতা ২৪ আগস্টের মধ্যে পরিশোধ করবে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। গতকাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক সভায় এ প্রতিশ্রুতি দিয়েছেন পোশাক শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিরা।
গার্মেন্ট শিল্পসহ অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান ও কল-কারখানার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও শ্রম অসন্তোষ নিরসনের জন্য করণীয় নির্ধারণের লক্ষ্যে গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট-বিষয়ক কোর কমিটির ৩৫তম সভা গতকাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের দায়িত্বে কর্মরত) মিঞা আব্দুল্লাহ মামুন, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. সামছুজ্জামান ভূইয়া, শ্রম পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ম সচিব খোন্দকার মোস্তাক হোসেন, শিল্প পুলিশের মহাপরিচালক মো. নওশের আলী, এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক হালিমুজ্জামান, বিজিএমইএর অতিরিক্ত সচিব মুনসুর খালেদ ও বাংলাদেশ জাতীয় গার্মেন্ট শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বিজিএমইএ সদস্যভুক্ত গার্মেন্টস মালিকরা ২৪ আগস্টের মধ্যে উৎসব ভাতা প্রদান করবেন। সংগঠনটির পক্ষ থেকে এরই মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গার্মেন্টস মালিকরা ঈদুল আজহার আগেই শ্রমিকদের সব ধরনের পাওনা পরিশোধ করবেন, এমন প্রত্যাশা জানিয়ে শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, বেতন পরিশোধের ক্ষেত্রে কোনো মালিকের যদি আর্থিক সমস্যা থাকে, তবে তিনি অবশ্যই শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবেন।
সভায় গার্মেন্ট কারখানার উৎপাদন স্বাভাবিক রাখার স্বার্থে ও মহাসড়কগুলোয় যানজট এড়াতে ঈদুল আজহার ছুটি পর্যায়ক্রমে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ঈদ বোনাস ও বেতন নিয়ে যেন কোনো শ্রমিক অসন্তোষ দেখা না দেয়, সে বিষয়ে সহযোগিতার জন্য মালিক-শ্রমিক সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
