২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু, মোট ২৯৮


দেশে করোনা চিকিৎসায় যুক্ত আরো তিন বেসরকারি হাসপাতাল

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৮ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১,২০২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ হাজার ৬৫ জনে। গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮,৫৮২ জনের।

এছাড়াও নতুন করে সুস্থ হয়েছে আরও ২৭৯ জন। মোট সুস্থ হয়েছেন ৩,৮৮২ জন। দেশের ৪১ টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

আজ শুক্রবার (১৫ মে) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৭০ হাজারের বেশি। এরমধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই আক্রান্ত ১৪ লাখ ৩২ হাজার ৮৬ জন।

এখন পর্যন্ত একক দেশ হিসেবে করোনায় সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে; দেশটিতে করোনায় মারা গেছেন ৮৫ হাজার ২৬৮ জন। আক্রান্তের তালিকাতেও শীর্ষে থাকা এই দেশটিতে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১৪ লাখ ৩০ হাজার ৩৪৮ জন। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ১০ হাজার ৩৮৩ জন। বাকি ১০ লাখ ৩৬ হাজার ৪৩৫ জন এখনও করোনার চিকিৎসা নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের পর বিশ্বে সর্বাধিক প্রাণহানি ঘটেছে ইউরোপের দেশ যুক্তরাজ্যে; দেশটিতে মারা গেছেন ৩৩ হাজার ৬১৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ১৫১ জন।

করোনায় যুক্তরাজ্যের পর ইউরোপে মৃত্যুপরীতে পরিণত হয়েছে ইতালি; দেশটিতে প্রাণহানি ঘটেছে ৩১ হাজার ১০৬ জনের। করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ১০৪ জন। তবে দেশটিতে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ১২ হাজার ৫৪১ জন।

এরপর করোনায় মৃত্যুতে শীর্ষে আছে স্পেন; দেশটিতে মারা গেছেন ২৭ হাজার ১০৪ জন। স্পেনে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৭১ হাজার ৯৫ জন।