সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রাস্তার পাশে ফুটপাতে ২৫ ফুট দূরত্ব বজায় রেখে কাঁচাবাজারের দোকান বসানোর নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার ডিএমপির মুখপাত্র ডিএমপি নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএমপি জানায়, ‘ঢাকা মহানগরীতে প্রতিষ্ঠিত কাঁচাবাজারের ভেতরে স্থান স্বল্পতার জন্য মানুষদের গাদাগাদি করে কেনাকাটা করতে হচ্ছে। এমতাবস্থায় বাজারের ভেতর থেকে দোকান যতটা সম্ভব বাইরে এনে রাস্তার পাশে ২০ থেকে ২৫ ফুট দূরে দূরে বসানোর জন্য পরামর্শ প্রদান করা হলো।’
এ ব্যাপারে নগরবাসী ও সবজি বিক্রেতারা সর্বাত্মক সহযোগিতা করবে বলে প্রত্যাশা ঢাকা মহানগর পুলিশের।
উল্লেখ্য গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ২৫৬ জন। আক্রান্ত হয়েছেন ২২ লাখেরও বেশি।
বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা ৭৫ জন। আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮৩ জন।

