মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে দেশ দুটির মধ্যে ২৫ হাজার কোটি ডলারের ব্যবসায়িক চুক্তি সই হয়েছে। এ তালিকায় চীনের সয়াবিন, উড়োজাহাজ আমদানি থেকে শুরু করে আলাস্কা থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি চুক্তিগুলো রয়েছে।
বিপুল অংকের চুক্তি সই হলেও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অসামঞ্জস্যপূর্ণ বাণিজ্য সম্পর্কের বিষয়টি পুনরায় উত্থাপনে পিছপা হননি প্রেসিডেন্ট ট্রাম্প। অবশ্য এক্ষেত্রে চীনের কোনো দোষ নেই বলে জানিয়েছেন ট্রাম্প। খবর এএফপি, বিবিসি ও রয়টার্স।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘একপক্ষীয় ও অন্যায্য’ বাণিজ্য ঘাটতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট সমালোচনা করলেও তিনি এক্ষেত্রে চীনকে নির্দোষ মনে করছেন।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি চীনকে দোষারোপ করছি না।’ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘নিজেদের নাগরিকের দোহাই দিয়ে কোনো দেশ যদি অন্য দেশের থেকে সুবিধা গ্রহণ করে, তাহলে তাকে কে দোষারোপ করবে?’ এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রশাসনের দিকে আঙুল তুলে বলেন, ‘কীভাবে এ অনিয়ন্ত্রিত বাণিজ্য ঘাটতি সহ্য ও বেড়ে ওঠা মেনে নেয়া হলো?’
চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করতে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে এগুচ্ছে যুক্তরাষ্ট্র। চীনের বুদ্ধিবৃত্তিক সম্পদ, অ্যালুমিনিয়াম ও ইস্পাত ব্যবসার চর্চা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে দেশটি। প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা থেকেই চীনের ভুল বাণিজ্য চর্চার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ট্রাম্প। তবে দায়িত্বগ্রহণের পর তিনি বেইজিংকে আর ‘কারেন্সি ম্যানিপুলেটর’ হিসেবে আখ্যায়িত করেননি।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে কিছু ‘বৈসাদৃশ্য’ থাকার বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তা সত্ত্বেও চীনের উদ্যোগে নির্মাণাধীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে আরো বেশি মার্কিন কোম্পানিকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি। ইউরোএশিয়ার দেশগুলোর মধ্যে সংযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।
