২৬ অক্টোবর খুলে দেয়া হচ্ছে মৌচাক-মগবাজার ফ্লাইওভার




শুক্রবার প্রকল্প পরিচালক সুশান্ত কুমার পাল বলেন, “আমাদের সব কাজ শেষ। প্রকল্প এলাকার নিচের রাস্তাগুলোর কার্পেটিংও প্রায় হয়ে গেছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরপরই ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।”
মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণের তৃতীয় ধাপে এফডিসি মোড় থেকে সোনারগাঁও হোটেলের দিকের অংশটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় এ বছর ১৭ মে। এর আগে ২০১৬ সালের ৩০ মার্চ এ ফ্লাইওভারের হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সাতরাস্তা পর্যন্ত অংশটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা উদ্বোধন করেন। ওই বছরের ১৫ সেপ্টেম্বর এ ফ্লাইওভারের ইস্কাটন-মৌচাক অংশের যান চলাচল উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে ২০১১ সালে যখন এই ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হয়েছিল, তখন এর ব্যয় ধরা হয়েছিল ৭৭২ কোটি ৭০ লাখ টাকা। এরপর কয়েক ধাপে ব্যয় বেড়ে তা ১ হাজার ১৩৫ কোটি টাকায় পৌঁছায়। ফ্লাইওভারটির নির্মাণ কাজ করা হয়েছে তিন ভাগে। একটি অংশে রয়েছে সাতরাস্তা-মগবাজার-হলি ফ্যামিলি পর্যন্ত, আরেকটি অংশে শান্তিনগর-মালিবাগ-রাজারবাগ পর্যন্ত এবং শেষ অংশটি বাংলামোটর-মগবাজার-মৌচাক পর্যন্ত। এর মধ্যে প্রথম ধাপের অংশটি এবং তৃতীয় ধাপের একটি অংশ আগেই খুলে দেওয়া হয়েছিল। বাকি অংশে ২৬ অক্টোবর থেকে যানবাহন চলতে পারবে।
ঢাকার কেন্দ্রভাগে অন্যতম ব্যস্ত এবং চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এলাকায় ছয় বছর ধরে এই নির্মাণকাজের জন্য দারুণ ভোগান্তি পোহাতে হয়েছে স্থানীয় বাসিন্দা ও চলতি পথের যাত্রীদের। বেহাল রাস্তার কারণে মগবাজার, মৌচাক, শান্তিনগর এলাকার বিপণি বিতান ও দোকানপাটের ব্যবসায়ীরা হয়েছেন ক্ষতির শিকার।
প্রতিদিন চলাচলের দুর্ভোগে পড়ে অনেকেই ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় বাসা নেওয়ায় স্থানীয় ভবনমালিকদেরও বিপাকে পড়তে হয়েছে। নির্মাণ কাজ শুরু করার পরপরই এ ফ্লাইওভারের নকশার ত্রুটি নিয়ে বিভিন্ন প্রতিবেদন আসে সংবাদমাধ্যমে, যার সুরাহা এখনও হয়নি।