‘আমার নাম সঙ্গীত কুমার। ঐশ্বরিয়া রাই আমার মা। আমার দাদুর নাম কৃষ্ণরাজ রাই। ২০১৭-র মার্চ মাসে তিনি প্রয়াত হন। আমার মামার নাম আদিত্য রাই।’
শুনতে অবাক লাগলেও এমন অদ্ভুত দাবি করেছেন সঙ্গীত কুমার নামের ২৯ বছর বয়সী এক যুবক। বচ্চনবধূকে নিজের জন্মদাত্রী মা বলে দাবি করেছে অন্ধ্রপ্রদেশের এই যুবক।
সম্প্রতি কর্নাটকের মেঙ্গালুরুতে সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেন, প্রাক্তন বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনই তাঁর মা এবং তিনি এ বার তাঁর সঙ্গেই থাকতে চান।
সাংবাদিকদের ওই যুবক বলেছেন, ‘১৯৮৮ সালে লন্ডনে কৃত্রিম প্রজনন পদ্ধতিতে তাঁর জন্ম। তিন বছর বয়সে নাকি ছোদাবরমে (বিশাখাপত্তনম) তাঁকে নিয়ে আসা হয় এবং তার আগে তিনি থাকতেন মুম্বাইয়ে ঐশ্বরিয়ার মা বৃন্দা কৃষ্ণরাজ রাইয়ের পরিবারের সঙ্গে। যে সময় নিজের জন্ম বলে ওই যুবকের দাবি, তখন ঐশ্বরিয়ার বয়স ছিল ১৪ বছর।’
এদিকে ঐশ্বরিয়া নাকি এখন আর অভিষেক বচ্চনের সঙ্গে থাকেননা বলে দাবি করেছেন এই যুবক।
তাঁর কথায়, ‘আমার মা ২০০৭-এ অভিষেক বচ্চনকে বিয়ে করেন। তবে তাঁরা এখন সেপারেটেড। মা একাই থাকেন। আমি চাই মা মেঙ্গালুরুতে এসে আমার সঙ্গে থাকুন। প্রায় ২৭ বছর ধরে আমি আমার পরিবারের থেকে আলাদা রয়েছি। আমি আর বিশাখাপত্তনমে ফিরে যেতে চাই না।…’
অবশ্য এখনো এই দাবির পক্ষে কোন নথিপত্র দেখাতে পারেননি এই যুবক।
অনেক সময়ই তারকাদের সাথে নিজেদের নাম জড়িয়ে সংবাদ শিরোনাম হতে চান অনেকেই। কিছুদিন আগে, উটকো এক লোক দীর্ঘদিন ধরে নিজেকে পাকিস্তানি নায়িকা মিরার স্বামী হিসেবে দাবি করে আসছিলেন। এ নিয়ে সাত বছর ধরে পাকিস্তানের উচ্চ আদালতে অনেক মামলা মোকদ্দমাও চলেছে। সম্প্রতি আদালত মিরাকে এই মামলা থেকে নিষ্পত্তি দিয়েছে। অনেক কাঠখড় পুড়িয়ে নায়িকা প্রমাণ করতে পেরেছেন যে তাঁর স্বামী হিসেবে দাবি করা আতিক নামের সেই ব্যক্তিকে তিনি কোনো দিন বিয়ে করেননি।
অন্যদিকে দক্ষিণী তারকা ধনুশকে এক দম্পতি নিজেদের সন্তান হিসেবে দাবি করে তো নিজেরাই রীতিমতো গণমাধ্যমের ‘তারকা’ হতে চাইছিলেন। সেই মামলাতেও জয় হয়েছে ধনুশের।
