৩ জেলায় ৩ খুন




আজ শনিবার রাঙ্গামাটি, ঠাকুরগাঁও এবং নওগাঁয় ইউপিডিএফ কর্মীসহ তিনজন খুন হয়েছেন।
ঠাকুরগাঁও সদর উপজেলায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে; এ ঘটনায় তার প্রতিবেশীকে আটক করেছে পুলিশ। সদর থানার এসআই নবিউল ইসলাম জানান, শনিবার বেলা ১২টার দিকে উপজেলার রহিমানপুর ইউনিয়নের মাদ্রাসা বাজারে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান (৪০) রহিমানপুর গ্রামের নেন্দু মোহাম্মদের ছেলে।
এসআই নবিউল প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, আনিসুর বাজারে গেলে তার প্রতিবেশী সুজন আলী (২৫) আকস্মিকভাবে পেছন দিক থেকে ধারালো ছোরা দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। এতে তার মৃত্যু হয়।
এদিকে রাঙামাটির বন্দুকভাঙ্গায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের এক কর্মীকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। সংগঠনটির নেতা বাবলু চাকমা জানান, শনিবার ভোরের দিকে বন্দুকভাঙ্গার বাসা থেকে তাকে ডেকে নদীর পাড়ে নিয়ে গুলি করে হত্যা করা হয়। নিহত অনল বিকাশ চাকমা (৪৭) বন্দুকভাঙ্গা এলাকায় দলের সংগঠক হিসেবে কাজ করতেন।
মোটরসাইকেল চুরিতে বাধা দেওয়ায় নওগাঁয় এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন নিরাপত্তাকর্মী। নিহত নুরুজ্জামান নয়ন (২২) জেলা শহরের বাঙ্গাবাড়িয়া কলেজপাড়া মহল্লার আমির হোসেনের ছেলে।
সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “ভোরের দিকে ওই মহল্লার কায়কোবাদ নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। মোবাইল ফোনে জানতে পেরে নয়ন ডিগ্রি মোড়ের নৈশ্য প্রহরী জাহাঙ্গীরকে (৪২) ডেকে নিয়ে পাশের রাস্তায় যান। এ সময় দুই-তিনজনকে মোটরসাইকেল নিয়ে যেতে দেখে কাছে গিয়ে থামতে বললে তারা দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।