৪০ দলের ৫১৫ সুপারিশ পেয়েছেন ইসি




আওয়ামী লীগ ও তার মিত্ররা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের কথা বলেছে। বিপরীতে বিএনপি ও তার মিত্ররা বর্তমান অর্থাৎ নির্বাচিত সরকারের অধীনে নির্বাচনে আপত্তি জানিয়েছে। জাতীয় পার্টিসহ তিনটি দল সংসদে প্রতিনিধিত্বকারী দল নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে। সিপিবিসহ ১২টি দল বলেছে, নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে।
প্রস্তাব এলেও সংবিধানের বাইরে গিয়ে এসব সুপারিশ বাস্তবায়নের এখতিয়ার ইসির নেই। তবে সিইসি কে এম নূরুল হুদা বলেছেন, যে সব প্রস্তাবে তাদের করার কিছু নেই, তা সরকারকে দেবেন তারা।
নির্বাচনে সেনা মোতায়েন নিয়েও বিভক্তি দেখা দিয়েছে। ১৯টি দল সেনা মোতায়েনের পক্ষে মত দিয়েছে, তার মধ্যে বিএনপিসহ কয়েকটি সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিতেও বলেছে। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইসির এখতিয়ারের মধ্যে থাকা অভিন্ন সুপারিশই রয়েছে বেশি।
গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর আগামী বছর একাদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে নাগরিক সমাজ, গণমাধ্যম প্রতিনিধিদের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নূরুল হুদা নেতৃত্বাধীন ইসি।
২৪ অগাস্ট শুরুর পর ১৯ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের যবনিকা টানে ইসি। বিএনপির প্রশ্ন নিয়ে শপথ নেওয়ার পর সংলাপ শেষ করতে পেরে নির্ভার দেখা গেছে নির্বাচন কমিশনারদের।
ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ  বলেন, “আমরা বেশ সফলভাবে রাজনৈতিক দলের সংলাপ শেষ করেছি। সবাই খুব আন্তরিক ছিলেন, আমরাও সহায়তা পেয়েছি। সুচারু ও সফলভাবে সংলাপ সম্পন্ন করতে পেরেছেন বলে বর্তমান ইসি স্বস্তি বোধ করছেন।”