৪৯৬ এর বিপক্ষে লড়ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা




প্রথম দিনে ব্যর্থ বাংলাদেশের বোলিং। স্বাগতিকদের উপর কোনো চাপই তৈরি করতে পারেনি তারা। দক্ষিণ আফ্রিকা প্রথম দিন শেষ করে ১ উইকেট হারিয়ে ২৯৮ রানে।
যেখানে শেষ ঠিক সেখান থেকেই শুরু করে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগার ও হাশিম আমলার ব্যাটিংয়ে যেন কোনো দিশা খুঁজে পাচ্ছিল না বাংলাদেশের বোলাররা। হাশিম আমলা তুলে নেন ক্যারিয়ারের ২৭তম টেস্ট সেঞ্চুরি। অন্যদিকে গত দিনই শতক করা এলগার ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস খেলে এগিয়ে যেতে থাকেন দ্বি-শতকের দিকে।
ভয়ংকর হয়ে উঠা আমলা-এলগার জুটি ভাঙতে পারছিল না কেউই। অবশেষে ত্রাতা হিসেবে আবির্ভাব হয় শফিউল ইসলামের। লাঞ্চ বিরতির পর শফিউলের বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে আমলা ব্যক্তিগত ১৩৭ রানে আউট হলে ভেঙে ২১৫ রানের জুটি। দলীয় সংগ্ৰহ তখন ৪১১।
এদিকে একটু একটু করে নিজের ক্যারিয়ারের প্রথম দ্বি-শতকের দিকে এগিয়ে যেতে থাকেন দিন এলগার। তবে ব্যক্তিগত ১৯৯ রানে মুস্তাফিজকে উড়িয়ে মারতে গিয়ে মমিনুলের হাতে ধরা পড়েন তিনি। বিশ্বের দশম ও প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে ১৯৯ রানে আউট হন তিনি।
চা বিরতিতে দক্ষিণ আফ্রিকা যায় ৩ উইকেট হারিয়ে ৪৯৬ রানে। এরপর দিনের তৃতীয় সেশনে আর ব্যাট করতে নামেনি প্রোটিয়াসরা। ইনিংস ঘোষণা করে ব্যাটিং করতে আমন্ত্রণ জানায় ববাংলাদেশকে।
বাংলাদেশের ইনিংস গোড়াপত্তন করেন ইমরুল কায়েস ও লিটন দাস। দ্বিতীয় সেশনের পুরোটা সময় মাঠের বাইরে থাকার কারণে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নামতে পারেননি তামিম ইকবাল। বাধ্য হয়েই ইমরুল কায়েসের সাথে প্রায় ১৫০ ওভার উইকেটের পিছনে থাকা লিটন দাসকে নামানো হয়।
ইনিংসের প্রথম বলেই দুই রান নিয়ে রানের খাতা খোলেন লিটন। তবে সূচনাটা ভালো হয়নি বাংলাদেশের। রাবাদার বাউন্সে পরাজিত হয়ে দলীয় ১৬ রানে আউট হন ইমরুল কায়েস (৭) এবং মরনী মরকেলের বলে কট বিহাইন্ড হয়ে দলীয় ৩৬ রানে ফেরেন আরেক ওপেনার লিটন দাস (২৫)।
এরপর মুশফিক ও মমিনুল প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। এরই মাঝে কেশব মহারাজের বলে ব্যক্তিগত ৬ ও ১৫ রানে ডিন এলগারের কাছে জীবন পান মুশফিক। দুইবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। ব্যক্তিগত ৪৪ রানে সেই মহারাজের বলেই আউট হন তিনি।
দলীয় ১০৩ রানে যখন ৩ উইকেট তখন নামেন তামিম ইকবাল। এরপর আর কোনো বিপদ ছাড়াই দিন পার করে বাংলাদেশ। শেষ বলে ছয় মেরে দিন শেষ করে তামিম ইকবাল। দিন শেষে বাংলাদেশের সংগ্ৰহ ১২৭ রানে ৩ উইকেট। তামিম ২২ ও মমিনুল ২৮ রানে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর : (দ্বিতীয় দিন শেষে)
দক্ষিণ আফ্রিকা : ৪৯৬/৪ (ডি.)
(এলগার ১৯৯, মারক্রাম ৯৭, আমলা ১৩৭, বাভুমা ৩১*, ডু প্লেসি ২৬*, মুস্তাফিজ ১/৯৮, শফিউল ১/৭৪)
বাংলাদেশ : ১২৭/৩
লিটন ২৫, ইমরুল ৭, মমিনুল ২৮, মুশফিক ৪৪, তামিম ২২, মরকেল ১/৩৪, রাবাদা ১/২৩, মহারাজ ১/৩২)