৫ লাখ পাউন্ড জরিমানার মুখে ফেসবুক



ফেসবুককে ৫ লাখ পাউন্ড জরিমানা করতে পারে যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির ঘটনায় বিপুলসংখ্যক ব্যবহারকারীর তথ্য বেহাত হওয়ায় ফেসবুককে জরিমানা করতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পক্ষ থেকে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
রাজনৈতিক প্রচারণায় ব্যক্তিগত তথ্যের ব্যবহার নিয়ে তদন্ত করছে যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনারস অফিস (আইসিও)। এর অগ্রগতি জানাতে গিয়ে সংস্থাটির ইনফরমেশন কমিশনার এলিজাবেথ ডেনহাম ফেসবুকের ওপর জরিমানা আরোপের কথা বলেন।
আইসিও জানায়, রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা যেসব ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছে, ফেসবুক তা পুরোপুরি মুছে ফেলতে ব্যর্থ হয়েছে। ক্যামব্রিজ অ্যানালিটিকার মূল প্রতিষ্ঠান (বর্তমানে বিলুপ্ত) এসসিএল ইলেকশনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।
রাজনৈতিক প্রচারণায় ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হয়, এমন অভিযোগ ওঠার পর এ নিয়ে তদন্ত শুরু করে আইসিও। ১৬ মাস তদন্তের পর ফেসবুককে জরিমানা করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি।
ফেসবুক তাদের নীতিমালা ভঙ্গ করেছে, আইসিও তদন্তে এর প্রমাণ পেয়েছে। ক্যামব্রিজ অ্যানালিটিকা ফেসবুক ব্যবহারকারীর যেসব তথ্য সংগ্রহ করেছে, তা মুছে ফেলেছে কিনা প্রতিষ্ঠানটি তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
ক্যামব্রিজ অ্যানালিটিকার দাবি, ফেসবুকের অনুরোধে ২০১৫ সালের ডিসেম্বরে সব তথ্য মুছে ফেলা হয়েছে। তবে আইসিও বলছে, ফেসবুক থেকে সংগৃহীত তথ্যের কপি অন্যদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তারা এমন প্রমাণ পেয়েছে।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্যামব্রিজ অ্যানালিটিকা ট্রাম্প শিবিরের পক্ষে কাজ করেছে। অনেকের মতে, ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে প্রতিষ্ঠানটি বড় ভূমিকা রেখেছে। তবে ক্যামব্রিজ অ্যানালিটিকার দাবি, ফেসবুক থেকে সংগৃহীত তথ্য তারা ট্রাম্পের প্রচারণায় ব্যবহার করেনি।