লটারি কেটে রাতারাতি কোটিপতি হলেন বিকাশ মাল। তিনি পেশায় দিনমজুর ছিলেন। অনেক দিন ধরে তিনি প্রভাবশালী হওয়ার স্বপ্ন দেখতেন। এজন্য মাঝে মাঝে লটারির টিকিট কিনতেন আর ভাবতেন হয়তো এই টিকিটেই তার স্বপ্ন পূরণ হবে। অবশেষে গত রোববার তার স্বপ্নপূরণ হয়।
রাতারাতি কোটিপতি হওয়া ওই যুবক একজন ভারতীয়। তার বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রামে।
তিনি জানান, লটারি পাওয়ায় এই টাকা দিয়ে মা-বাবার চিকিৎসা করাবেন। ছেলে-মেয়েকে মানুষের মতো মানুষ করবেন।
ভারতের সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিয়ে বাড়ি উপলক্ষে মারগ্রামে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন বিকাশ। রোববার সকালে সেখান থেকে ফেরার পথে একটি দোকান থেকে ৬০ টাকার লটারির টিকিট কেনেন তিনি। বিকেলে মোবাইলে রেজাল্ট মেলাতে গিয়েই একে একে মিলে যায় টিকিটের সবকটি নম্বর। এরপর কাউকে কিছু না জানিয়ে সটান মারগ্রাম থানায় হাজির হন তিনি।
বিকাশ পুলিশ কর্মকর্তাকে বলেন, ‘বড়বাবু আমি লটারিতে প্রথম পুরস্কার এক কোটি টাকা জিতেছি।’ গোটা বিষয়টি জানার পরই তাকে আইনি সাহায্যের আশ্বাস দেন ওই পুলিশ কর্মকর্তা।
বিকাশের পরিবার এ খবর জানতে পেরে আনন্দের জোয়ারে ভাসছেন। বিকাশের বাবা তমাল বাবু বলেন, এবার হয়তো আমাদের সংসারের কষ্ট লাঘব হবে।

