মোহাই মেনুল নিয়ন
আগামীকাল শেষ হতে যাচ্ছে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসব ২০১৮। দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কানে অনুষ্ঠিত হয় এ উৎসব। প্রতিবারের মত এবারও কান উৎসবে নিজেদের দুত্যি ছড়িয়েছেন ঐশরিয়া-দিপীকারা।
তবে সবাইকে ছাপিয়ে এ বছর নিজের নজড় কাড়তে সক্ষম হয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ড। ৭১তম কান উৎসবের লাল গালিচায় খালি পায়ে হেঁটে আলোচিত হয়েছেন এই হলিউড সুন্দরী। ১৪ মে স্পাইক লি পরিচালিত ‘ব্ল্যাক ক্ল্যান্সম্যান’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে লাল গালিচায় উপস্থিত হন এই তারকা। তবে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের সিঁড়িতে পা রাখার আগেই জুতা খুলে ফেলেন তিনি। এরপর পুরো সময়টাই হাঁটেন খালি পায়ে। অভিনেত্রীর এমন বিস্ময়কর কান্ডে অবাক হয়েছেন আয়োজকরাও। নিজের এমন অদ্ভুত কান্ড সম্পর্কে ক্রিস্টেন স্টুয়াট বলেন, ‘ছেলেদেরকে যদি হিল পরতে না বলা হয় তাহলে মেয়েদেরকেও না বলা উচিত।’
এদিকে সদ্য বিবাহের আসর থেকে উঠে আসা বলিউড সুন্দরী সোনম কাপুরও লাল গালিচায় উপস্থিত হয়েছিলেন। হাতে মেহেদীর রং নিয়ে অষ্টমবারের মতো কান উৎসবে হাজির হন তিনি। গত ৮ মে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় সোনমের বিয়ে। পুরনো বন্ধু আনন্দ আহুজার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েন অনিল কাপুর কন্যা। এরপরই স্বামীকে সঙ্গে নিয়ে ফ্রান্সের কানে পাড়ি জমান এই বলিউড নায়িকা। কান উৎসবের শেষ দিনে সোনমকে রীতিমতো চমকে দিয়েছে একটি কসমেটিকস ব্র্যান্ড। আনন্দ আহুজার ও সোনমের এই ভ্রমণ স্মরণীয় করে রাখার জন্য একটি বড় কেক কেটে শুভেচ্ছা জানিয়েছে এই কসমেটিকস কোম্পানি। কেক কাটার এই মনোরম দৃশ্য ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন সোনম।
এদিকে কানের এই ছবি বাজারে এবার বাংলাদেশের বলতে ছিল শুধু একটি পূর্ণদৈর্ঘ্য ছবি পোড়ামন-২। এ ছাড়া শর্ট ফিল্ম কর্নারে আছে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র-জসীম আহমেদের ‘আ পেয়ার অব স্যান্ডাল’, নোমান রবিনের ‘আ কোয়ার্টার মাইল কান্ট্রি’, ইকবাল হোসাইন চৌধুরীর ‘রোয়াই এবং মনজুরুল আলমের ‘মেঘে ঢাকা’।
এছাড়া ইন্টারন্যাশনাল ইমার্জিং ফিল্ম ট্যালেন্ট অ্যাসোসিয়েশন (আইইএফটিএ)-এর সহায়তায় আইএফআইবি প্রতিবছর তাদের ‘ঢাকা টু কান’ প্রকল্পের আওতায় দু’জন নির্মাতাকে সুযোগ করে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার সুযোগ পেয়েছে দুই ক্ষুদে বাংলাদেশি নির্মাতা সুমন দেলোয়ার ও রেজওয়ান শাহরিয়ার সুমিত। বয়সে তরুণ হলেও বাংলা চলচ্চিত্র অঙ্গনে তাদের প্রত্যেকেরই পদচারণা দীর্ঘদিনের।
এ প্রসঙ্গে ‘ঢাকা টু কান’ প্রকল্পের উদ্যোক্তা সামিয়া জামান বলেন, ‘এটা আমাদের দ্বিতীয় বছর। যাদের আমরা নিয়ে আসছি কানে-তারা হয়তো নবীন কিন্তু চলচ্চিত্রে তাদের যাত্রাটা দীর্ঘদিনের। এবার যে দু’জন এলেন তাদের একজন একটি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র নির্মাণ করতে যাচ্ছেন, অন্যজন আরেকটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন।
তিন দিনের এই কার্যক্রমে বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র নির্বাহী ও চলচ্চিত্র শিল্পের প্রভাববিস্তারকারী ব্যক্তিদের সঙ্গে বৈঠকের সুযোগ পেয়েছিলেন তরুণ এই দুই নির্মাতা। এবার কান উৎসবে সম্মাননা জানানো হয় প্রয়াত নায়িকা শ্রীদেবীকে। ভারতীয় চলচ্চিত্রে অনবদ্য ভূমিকা রাখার জন্য তাকে এই সম্মান জানানো হয়। এ ছাড়াও শ্রীদেবীর সম্মানে লে ম্যাজেস্টিক বিচ একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ছবিতে প্রয়াত এই অভিনেত্রীর অবদান নিয়ে আলোচনা করা হয়।
