৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিতে আগামী ২৫ নভেম্বরের যে আনন্দ শোভাযাত্রা হবে, তাতে অংশ নিতে হবে সরকারি সব কর্মকর্তা-কর্মচারীকে।
গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়েছে, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’-এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্র্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে আগামী ২৫ নভেম্বর ঢাকা মহানগরীসহ সকল জেলা ও উপজেলায় ‘আনন্দ শোভাযাত্রা’র মাধ্যমে উদযাপনের কর্মসূচি গৃহীত হয়েছে। বর্ণাঢ্য, আকর্ষণীয় ও সর্বাঙ্গীন সুন্দরভাবে উক্ত কর্মসূচি একযোগে সারা দেশে উদযাপনের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে।”
এই কর্মসূচি উদযাপনের জন্য মন্ত্রণালয়, বিভাগ ও এর আওতাধীন প্রতিষ্ঠানের ঢাকায় অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদের সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়েছে।
জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. সাজজাদুল হাসান স্বাক্ষরিত নির্দেশাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং সব বিভাগীয় কমিশনারদের পাঠানো হয়েছে।
আরও পড়ুন;
২৫ নভেম্বর হচ্ছে ৭ মার্চ স্বীকৃতির উদ্যাপন
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’: ইউনেসকো
সোহরাওয়ার্দী উদ্যান ফিরে পাবে একাত্তরের ৭ মার্চ
