বর্তমানে দেশে বিবাহবিচ্ছেদের ৯০ শতাংশই ঘটছে ফেসবুকের কারণে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আজিমপুর কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ বিষয়ে তিনি বলেন, বর্তমানে ফেসবুকের কারণে প্রতিনিয়তই স্বামী, স্ত্রী একে অপরকে সন্দেহ করছে। এর ফলে নিজেদের মধ্যে কলহ দিন দিন বেড়েই চলছে।
এছাড়াও, ছেলেমেয়েদের স্মার্টফোন কিনে দেওয়ার আগে অভিভাবকদের ছেলেমেয়েদের পড়াশোনার বিষয়গুলো চিন্তা করতেও পরামর্শ দেন তিনি।
সড়ক দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, লাইসেন্স প্রাপ্ত অধিকাংশ চালকই অশিক্ষিত অথবা অর্ধশিক্ষিত। আইন জানার মতো সামান্য জ্ঞানও তাদের মধ্যে থাকে না। যার ফলে প্রতিনিয়তই ঘটছে মারাত্মক সব দুর্ঘটনা। সে কারণে, প্রতিটি দুর্ঘটনার পর যানবাহনের মালিককেও আসামি করে মামলা দেওয়ার দাবি করেন তিনি।
তিনি আরও বলেন যে, তাহলে মালিকেরা আর অদক্ষ চালক নিয়োগ দিতে পারবেন না। তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই রোধ করা সম্ভব।

